Skip to content

৭৭৬ রান, ৭২ ছক্কা, ৫ পুরস্কার— আইপিএলে বৈভব সূর্যবংশীর স্বপ্নের মরশুম!

নিজস্ব সংবাদদাতা : মাত্র ১৫ বছর বয়সেই আইপিএলে ইতিহাস গড়লেন রাজস্থান রয়্যালসের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। দল ফাইনালে উঠতে না পারলেও পুরো মরশুম জুড়ে নিজের ব্যাটিং নৈপুণ্যে ক্রিকেট বিশ্বকে মুগ্ধ করেছেন তিনি। গুজরাট টাইটান্সের কাছে হেরে রাজস্থানের শিরোপা স্বপ্ন শেষ হলেও ব্যক্তিগত সাফল্যের শিখরে পৌঁছে গেছেন বৈভব।আইপিএল ২০২৬-এ বিরাট কোহলি, শুভমান গিলদের মতো তারকাদের পিছনে ফেলে অরেঞ্জ ক্যাপ জিতেছেন এই কিশোর ক্রিকেটার। উল্লেখযোগ্য বিষয় হল, প্রতিদ্বন্দ্বীদের তুলনায় এক ম্যাচ কম খেলেও তিনি টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে মরশুম শেষ করেছেন। ৭৭৬ রান করে অরেঞ্জ ক্যাপ নিজের দখলে নেন বৈভব।মাত্র ১৫ বছর ৬৫ দিন বয়সে অরেঞ্জ ক্যাপ জিতে আইপিএলের ইতিহাসে সর্বকনিষ্ঠ অরেঞ্জ ক্যাপজয়ী ক্রিকেটারের রেকর্ড গড়েছেন তিনি। এর আগে এই রেকর্ড ছিল গুজরাট টাইটান্সের সাই সুদর্শনের দখলে, যিনি ২৩ বছর ২৩৭ দিন বয়সে এই সম্মান অর্জন করেছিলেন।শুধু অরেঞ্জ ক্যাপই নয়, একাধিক ব্যক্তিগত পুরস্কারও জিতেছেন বৈভব। আইপিএল ২০২৬-এর মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার (MVP), ইমার্জিং প্লেয়ার এবং সুপার স্ট্রাইকার অফ দ্য সিজনের পুরস্কারও তাঁর ঝুলিতে গেছে। ২৩৭ স্ট্রাইক রেটে ব্যাট করে তিনি সুপার স্ট্রাইকারের সম্মান অর্জন করেন। এছাড়া মরশুমে সর্বাধিক ৭২টি ছক্কা হাঁকিয়ে ‘মোস্ট সিক্সেস’ পুরস্কারও জিতে নেন।

পুরস্কার তালিকা:
• অরেঞ্জ ক্যাপ – ৭৭৬ রান, পুরস্কার মূল্য ১০ লক্ষ টাকা
• মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার (MVP) – ১৫ লক্ষ টাকা
• সুপার স্ট্রাইকার অফ দ্য সিজন – স্ট্রাইক রেট ২৩৭
• সর্বাধিক ছক্কা – ৭২টি, পুরস্কার মূল্য ১০ লক্ষ টাকা
• ইমার্জিং প্লেয়ার অফ দ্য সিজন – ১০ লক্ষ টাকা

১৫ বছরের এই বিস্ময় প্রতিভা ভবিষ্যতে আরও কত রেকর্ড গড়বেন, তা নিয়েই এখন জোর চর্চা ক্রিকেট মহলে।

Latest