ভারতীয় ফুটবল থেকে অতীত জামশেদপুর এফসি, ডুরান্ডেই শেষ পথচলা

ভারতীয় ফুটবল থেকে অতীত জামশেদপুর এফসি, ডুরান্ডেই শেষ পথচলা

নিজস্ব সংবাদদাতা: ভারতীয় ফুটবলে জামশেদপুর এফসির পথচলা আপাতত থেমে গেল। সোমবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে সাডেন ডেথে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিল জামশেদপুর। ডুরান্ড কাপই ছিল ক্লাবটির শেষ প্রতিযোগিতা। তবে লাইসেন্স হস্তান্তরের মাধ্যমে আগামী আইএসএলে চার্চিল ব্রাদার্সের অংশগ্রহণের পথ তৈরি হয়েছে।ম্যাচের শুরুতেই দ্বিতীয় মিনিটে সাহাল আবদুল সামাদের গোলে এগিয়ে যায় মোহনবাগান। তবে প্রথমার্ধের শেষ দিকে জামশেদপুরের হয়ে সমতা ফেরান দেবেন্দ্র। এরপর দ্বিতীয়ার্ধে দু’দলই একাধিক সুযোগ তৈরি করলেও নির্ধারিত সময়ে আর গোল হয়নি। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।পেনাল্টি শুটআউটেও শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই হয়। প্রথম আটটি শটে দুই দলই সমানে সমান ছিল। বিদেশিহীন জামশেদপুরের ফুটবলারদের মধ্যে শেষ ট্রফিটি জেতার প্রবল তাগিদ স্পষ্ট ছিল। শেষ পর্যন্ত সাডেন ডেথে জামশেদপুরকে পরাজিত হতে হয়। মোহনবাগানের গোলরক্ষক বিশাল কাইথ গুরুত্বপূর্ণ সেভ করে দলের জয় নিশ্চিত করেন। এরপর টেকচাম জয়সূচক পেনাল্টি নেটে জড়িয়ে দেন।

হেরে গেলেও জামশেদপুরের ভারতীয় ফুটবলারদের লড়াই ফুটবলমহলের প্রশংসা কুড়িয়েছে। ম্যাচ শেষে আবেগাপ্লুত জামশেদপুর অধিনায়ক প্রণয় হালদার বলেন, ভবিষ্যৎ নিয়ে এখনও কিছু ঠিক করেননি। জামশেদপুরে চার-পাঁচ বছর খেলার স্মৃতি তাঁর কাছে অত্যন্ত বিশেষ। বাস্তবতাকে মেনে এগিয়ে যেতে হলেও শেষ পর্যন্ত দল লড়াই করেছে—এতেই তিনি গর্বিত।ম্যাচের পর আরও এক মানবিক মুহূর্তের সাক্ষী হয় যুবভারতী। প্রাক্তন মোহনবাগান ফুটবলার প্রণয় হালদার মাঠ ছাড়ার সময় সবুজ-মেরুন সমর্থকদের ভিড় দেখতে পান। এরপর নিজের কিট থেকে জামশেদপুরের জার্সি বের করে সমর্থকদের মধ্যে বিলিয়ে দেন। তাঁর কথায়, “এই জার্সিটা কেউ তো পরবে। সেটা দেখেই খুশি হব।” মুহূর্তটি আবেগঘন করে তোলে বিদায়ের পরিবেশ।

এদিকে জামশেদপুর এফসির বিদায়ের মধ্যেই ভারতীয় ফুটবলে নতুন সমীকরণ তৈরি হয়েছে। জানা যাচ্ছে, জামশেদপুর এফসির লাইসেন্সের ভিত্তিতে আসন্ন আইএসএলে খেলবে চার্চিল ব্রাদার্স।জামশেদপুরের দুই কোচের চুক্তি-সহ ১২ জন ফুটবলারও নতুন মালিকানার অধীনে চলে যাবেন বলে জানা গিয়েছে।আগামী সেপ্টেম্বর থেকে জামশেদপুরের কোচিং স্টাফ ও ফুটবলারদের দায়িত্ব গ্রহণ করবে চার্চিল ব্রাদার্স। ফলে ফুটবলার ও কোচেদের ভবিষ্যৎ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার মেঘ আপাতত কাটল। তবে জামশেদপুর এফসির অধ্যায় শেষ হওয়ার মুহূর্তটি ভারতীয় ফুটবলপ্রেমীদের মনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।