Skip to content

বেলিয়াবেড়ায় ভগবান বিরসা মুন্ডার মূর্তি উন্মোচন, শহীদ দিবসে আবেগঘন শ্রদ্ধার্ঘ্য!

নিজস্ব সংবাদদাতা : মহান আদিবাসী স্বাধীনতা সংগ্রামী, সমাজসংস্কারক ও জননায়ক ভগবান বিরসা মুন্ডার প্রয়াণ দিবস উপলক্ষে মঙ্গলবার বেলিয়াবেড়ায় শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে পালিত হলো শহীদ দিবস। একইসঙ্গে গোপীবল্লভপুর-২ ব্লকের চোরচিতা ১ নম্বর অঞ্চলের নয়াগা গ্রামে ভগবান বিরসা মুন্ডার একটি আবক্ষ মূর্তির উন্মোচন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Arjun Munda। তাঁর হাত ধরেই মূর্তির আনুষ্ঠানিক উন্মোচন সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত মুন্ডা সমাজের রাজ্য যুব সভাপতি ধরম রাজ সিং, সমাজসেবী অনুরণ সেনাপতি-সহ সমাজের বিশিষ্ট ব্যক্তিত্ব ও বহু আদিবাসী সম্প্রদায়ের মানুষ।উল্লেখ্য, ১৯০০ সালের ৯ জুন মাত্র ২৫ বছর বয়সে রাঁচি কারাগারে বন্দি অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিরসা মুন্ডা। ব্রিটিশ শাসন, জমিদারি প্রথা এবং আদিবাসীদের উপর অত্যাচারের বিরুদ্ধে তাঁর সংগ্রাম আজও ভারতবর্ষের ইতিহাসে এক অনন্য অধ্যায় হিসেবে স্মরণীয়।

ছোটনাগপুর অঞ্চলে আদিবাসী সমাজের অধিকার, জমি ও স্বশাসনের দাবিতে তিনি ‘উলগুলান’ বা মহাবিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। তাঁর নেতৃত্বে সংগঠিত আন্দোলন ব্রিটিশ শাসনের ভিত কাঁপিয়ে দিয়েছিল। আদিবাসী সমাজ তাঁকে আজও ‘ধরতি আবা’ বা ‘পৃথিবীর পিতা’ হিসেবে শ্রদ্ধা করে।অনুষ্ঠানে বক্তারা ভগবান বিরসা মুন্ডার জীবনাদর্শ, সংগ্রাম ও আত্মত্যাগের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, বিরসা মুন্ডার আদর্শ নতুন প্রজন্মকে সমাজের অধিকার রক্ষা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে অনুপ্রাণিত করে চলেছে।উল্লেখ্য, ১৮৭৫ সালের ১৫ নভেম্বর জন্মগ্রহণ করেন বিরসা মুন্ডা। তাঁর জন্মবার্ষিকীকে ভারত সরকার প্রতি বছর ‘জনজাতীয় গৌরব দিবস’ হিসেবে পালন করে। এদিনের অনুষ্ঠানেও তাঁর অবদান ও আদর্শকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

Latest