নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:ঝাড়গ্রাম জেলার বিনপুর-২ ব্লকের বেলপাহাড়ী বিডিও অফিস চত্বরে কন্ডোমের প্যাকেট উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে সোমবার ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাকে ঘিরে প্রশাসনিক মহলের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও শুরু হয়েছে জোর বিতর্ক।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার এলাকায় ‘অন্নপূর্ণা যোজনা’-র ফর্ম পূরণের কাজ চলছিল। প্রবল গরমের মধ্যেও গ্রামীণ এলাকার বহু মহিলা ফর্ম জমা দিতে বিডিও অফিসে আসেন। অভিযোগ, তাঁদের সুবিধার্থে বিজেপি কর্মীরা ফর্ম পূরণের কাজে সহায়তা করছিলেন এবং বসার জন্য একটি ঘরের ব্যবস্থা করার আবেদন জানান। বিডিও-র অনুমতি নিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতির চেম্বারের সংলগ্ন একটি ঘরে প্রবেশ করার পর তাঁরা ঘরের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা একাধিক কন্ডোমের প্যাকেট দেখতে পান। পরে একটি আলমারি খুলে আরও বেশ কিছু কন্ডোমের প্যাকেট উদ্ধার হয়েছে বলেও তাঁদের অভিযোগ।

এই ঘটনাকে কেন্দ্র করে দ্রুত উত্তেজনা ছড়িয়ে পড়ে অফিস চত্বরে। স্থানীয়দের একাংশ বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। ঘটনাস্থলে ভিড় জমতে শুরু করলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।তবে উদ্ধার হওয়া সামগ্রীগুলি কী কারণে ওই ঘরে রাখা হয়েছিল বা কারা সেখানে রেখেছিল, সে বিষয়ে এখনও পর্যন্ত প্রশাসনের তরফে কোনও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ঘটনাটি নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে এবং একে কেন্দ্র করে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।ঘটনার প্রকৃত সত্যতা ও প্রেক্ষাপট খতিয়ে দেখতে প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। বিষয়টি নিয়ে তদন্তের পরই প্রকৃত তথ্য সামনে আসবে বলে মনে করা হচ্ছে।