Skip to content

শিক্ষাই এগিয়ে যাওয়ার পথ, ঝাড়গ্রামে ক্যারিয়ার গাইডেন্স শিবিরে বার্তা বিশিষ্টজনদের!

নিজস্ব সংবাদদাতা : ভারত মুন্ডা সমাজ, পশ্চিমবঙ্গ রাজ্য শাখার উদ্যোগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা এবং ক্যারিয়ার গাইডেন্স কর্মসূচি জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো ঝাড়গ্রামে। অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য গুণীজনদেরও সম্মাননা জানানো হয়।এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল নবীন প্রজন্মকে উচ্চশিক্ষা, কর্মসংস্থান এবং ভবিষ্যৎ ক্যারিয়ার সম্পর্কে সঠিক দিশা দেখানো, পাশাপাশি শিক্ষাক্ষেত্রে সাফল্য অর্জনকারী ছাত্রছাত্রীদের উৎসাহিত করা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাণিসম্পদ উন্নয়ন দফতরের মন্ত্রী ও বিধায়ক রাজেশ মাহাতো। এছাড়াও উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম কেন্দ্রের বিধায়ক লক্ষীকান্ত সাউ, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক রামকৃষ্ণ মাইতি, ঝাড়গ্রামের ডেপুটি ডাইরেক্টর অফ এমপ্লয়মেন্ট অরুণাভ দত্ত, চন্দননগরের অতিরিক্ত ট্রেজারি অফিসার কমল সিং, বিশিষ্ট চিকিৎসক ডা. বিকাশ সিং এবং ডা. সন্দীপ সিং।ভারত মুন্ডা সমাজ পশ্চিমবঙ্গ রাজ্য শাখার সভাপতি স্বপন সিং, সাধারণ সম্পাদক নবীন চন্দ্র সিং, যুব সভাপতি ধরমরাজ সিং, মহিলা কমিটির সম্পাদক অঞ্জলি সিং-সহ সংগঠনের অন্যান্য পদাধিকারী ও সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।বক্তারা শিক্ষার গুরুত্ব, আত্মনির্ভরতা, দক্ষতা উন্নয়ন এবং সমাজের সার্বিক অগ্রগতিতে শিক্ষিত যুবসমাজের ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তাঁরা ছাত্রছাত্রীদের অধ্যবসায়, কঠোর পরিশ্রম ও সঠিক পরিকল্পনার মাধ্যমে জীবনের লক্ষ্যে পৌঁছানোর আহ্বান জানান।

Latest