ছাত্র আন্দোলনে উত্তপ্ত রাঁচি, বিধানসভা অভিযানে জলকামান—গ্রেফতার প্রাক্তন JPSC চেয়ারম্যান!

ছাত্র আন্দোলনে উত্তপ্ত রাঁচি, বিধানসভা অভিযানে জলকামান—গ্রেফতার প্রাক্তন JPSC চেয়ারম্যান!

নিজস্ব সংবাদদাতা : সপ্তাহের শুরুতেই ছাত্র বিক্ষোভকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি। নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগে সোমবার শহরে জড়ো হন বিভিন্ন জেলার হাজার হাজার পড়ুয়া। ট্রেন, বাস ও অন্যান্য যানবাহনে করে তাঁরা রাঁচিতে এসে বিক্ষোভে সামিল হন। আন্দোলনকারীদের মূল দাবি, নিয়োগ পরীক্ষায় অনিয়মের নিরপেক্ষ তদন্ত করতে হবে।বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে ঝাড়খণ্ড বিধানসভার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান ব্যবহার করে পুলিশ। জলকামানের প্রবল স্রোতের মধ্যেও আন্দোলনকারীদের একাংশকে স্লোগান দিতে ও প্রতিবাদ চালিয়ে যেতে দেখা যায়। ফলে মুহূর্তেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

আন্দোলনের অন্যতম মুখ দেবেন্দ্র মাহাতো, যিনি এর আগে অনশনেও বসেছিলেন, বিক্ষোভকারীদের পুলিশের সঙ্গে সরাসরি বিবাদে না জড়ানোর আবেদন জানান। পুলিশ বাধা দিলে শৃঙ্খলা বজায় রেখে বিকল্প পথে বিধানসভায় পৌঁছনোর চেষ্টা করার পরামর্শ দেন তিনি।পরিস্থিতি সামাল দিতে রাঁচির গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলিতে একাধিক ব্যারিকেড বসিয়েছে প্রশাসন। মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশকর্মী। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। পরিস্থিতির কারণে রাঁচির অধিকাংশ স্কুলও সোমবার বন্ধ রাখা হয় বলে প্রশাসন সূত্রে খবর।

এদিকে আন্দোলনকারীদের রাঁচিতে আসার সংখ্যা নিয়ন্ত্রণে জেলা সীমানা, গুরুত্বপূর্ণ রাস্তা ও জাতীয় সড়কে বাস এবং অন্যান্য যানবাহনে দফায় দফায় তল্লাশি চালায় পুলিশ।এরই মধ্যে ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের (JPSC) পরীক্ষায় দুর্নীতির অভিযোগের তদন্তে বড় পদক্ষেপ করেছে সিআইডি। কমিশনের প্রাক্তন চেয়ারম্যান এল খিয়াংতেকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। পরীক্ষার দায়িত্ব একটি কালো তালিকাভুক্ত সংস্থা ‘টিডিপিএল’-কে কেন দেওয়া হয়েছিল, সেই বিষয়ে দীর্ঘদিন ধরেই তাঁকে জিজ্ঞাসাবাদ করছিল তদন্তকারী সংস্থা।

অন্যদিকে, মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বাসভবনের বাইরেও বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি নেতারা।আন্দোলনকারীদের দাবি, তাঁদের ১৩টি পরীক্ষার মধ্যে মাত্র তিনটি বাতিল করার বিষয়ে সরকার সম্মতি দিয়েছে। ফলে বাকি পরীক্ষাগুলির ক্ষেত্রেও ব্যবস্থা নেওয়া এবং অনিয়মের পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় তাঁরা।নিয়োগ পরীক্ষাকে ঘিরে ছাত্রদের এই বিক্ষোভ, পুলিশের জলকামান এবং প্রাক্তন JPSC চেয়ারম্যানের গ্রেফতারি—সব মিলিয়ে সোমবার কার্যত উত্তপ্ত হয়ে ওঠে রাঁচির পরিস্থিতি।