Skip to content

প্রতিশ্রুতি পূরণ না হলে ফের ধর্না! কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি ‘ককরোচ জনতা পার্টি’র

নিজস্ব সংবাদদাতা : নিট কেলেঙ্কারির প্রতিবাদে আন্দোলনরত পড়ুয়াদের বিরুদ্ধে ধরপাকড় বন্ধ, মামলা প্রত্যাহার এবং আটক আন্দোলনকারীদের মুক্তির দাবিতে ফের সরব হল ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। কেন্দ্রীয় সরকারের দেওয়া প্রতিশ্রুতি পূরণ না হলে নতুন করে ধর্না ও অবস্থান বিক্ষোভ শুরু করার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। সোমবার সাংবাদিক বৈঠক করে সিজেপি-র প্রতিনিধিরা অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার তাদের একাধিক দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পর যন্তর মন্তরের আন্দোলন প্রত্যাহার করা হয়েছিল। কিন্তু দু’দিন কেটে গেলেও দেশের বিভিন্ন রাজ্যে আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশি ধরপাকড় অব্যাহত রয়েছে। পশ্চিমবঙ্গ, বিহার ও অসম-সহ একাধিক রাজ্যে পড়ুয়া ও আন্দোলনকারীদের গ্রেফতার করা হচ্ছে বলেও অভিযোগ। সিজেপি-র দাবি, নিট কেলেঙ্কারির প্রতিবাদে আটক হওয়া পড়ুয়াদের মুক্তি দিতে হবে এবং তাঁদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার করতে হবে। মঙ্গলবারের মধ্যে কেন্দ্রকে এই বিষয়ে লিখিত চুক্তি করতে হবে বলেও দাবি করেছে সংগঠনটি। তাদের অভিযোগ, এখনও পর্যন্ত সেই প্রতিশ্রুতি কার্যকর হয়নি। নিট আন্দোলনকারীদের অন্যতম প্রধান দাবি ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। শনিবার সেই দাবি পূরণ হলেও, আন্দোলনকারীদের আরও কয়েকটি দাবি ছিল— কোনও বিক্ষোভকারীর বিরুদ্ধে নতুন করে কোনও পদক্ষেপ না করা, দায়ের হওয়া মামলা প্রত্যাহার, গ্রেফতার হওয়া আন্দোলনকারীদের মুক্তি এবং নিট কেলেঙ্কারির জেরে আত্মঘাতী হওয়া পড়ুয়াদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান। এরপর দুই কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডা ও জিতেন্দ্র সিংহের সঙ্গে বৈঠকের পর সিজেপি-র প্রতিনিধি সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা জানিয়েছিলেন, সরকার তাঁদের দাবি মেনে নিয়েছে। সেই আশ্বাসের ভিত্তিতেই যন্তর মন্তরের ধর্না প্রত্যাহার করা হয় বলে দাবি সংগঠনের। তবে সোমবার সিজেপি-র তরফে অভিযোগ করা হয়, প্রতিশ্রুতি দেওয়া হলেও বিভিন্ন রাজ্যে ধরপাকড় চলছে। এমনকি অনেকের বিরুদ্ধে জামিন-অযোগ্য ধারায় মামলা করা হচ্ছে বলেও অভিযোগ। ইতিমধ্যে গ্রেফতার হওয়া আন্দোলনকারীদেরও মুক্তি দেওয়া হয়নি বলে দাবি সংগঠনের। সিজেপি-র মুখপাত্র সৌরভ দাস বলেন, কেন্দ্রের সঙ্গে বৈঠকে তাঁদের আশ্বাস দেওয়া হয়েছিল যে কোনও বিজেপি বা এনডিএ-শাসিত রাজ্যে আন্দোলনকারীদের বিরুদ্ধে বর্তমান বা ভবিষ্যতে কোনও শাস্তিমূলক পদক্ষেপ করা হবে না। কিন্তু বিভিন্ন রাজ্য থেকে ধরপাকড়ের খবর আসায় তাঁরা উদ্বিগ্ন। মঙ্গলবারের মধ্যে লিখিত নিশ্চয়তা না পেলে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। অন্যদিকে, সিজেপি-র জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কাও সমাজমাধ্যমে কেন্দ্রকে কড়া বার্তা দিয়েছেন। তাঁর অভিযোগ, সরকার প্রতিশ্রুতি ভঙ্গ করছে। তিনি বলেন, আন্দোলনকারীদের মুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবি পূরণ না হলে তাঁরা ফের অবস্থানে বসতে বাধ্য হবেন। আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে আইনি সহায়তার ঘোষণা করেছেন আইনজীবী কপিল সিব্বলও। সোমবারের সাংবাদিক বৈঠকে তিনি উপস্থিত ছিলেন এবং আইনি লড়াইয়ের জন্য এক কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেন। পাশাপাশি, পুলিশের বিরুদ্ধে ওঠা ‘অতিরিক্ত বলপ্রয়োগ’-এর অভিযোগের প্রমাণ হিসেবে সাধারণ মানুষের কাছে থাকা ভিডিও ফুটেজ সংগ্রহের আহ্বান জানিয়েছে সিজেপি। এর জন্য একটি ওয়েবসাইটও তৈরি করা হয়েছে বলে জানানো হয়েছে। এদিকে, ‘অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’ (আইসা)-এর জাতীয় সভাপতি নেহা বোরাও বিহারে ব্যাপক ধরপাকড়ের অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, রাজ্যজুড়ে অন্তত ৫০০ জনকে গ্রেফতার করা হয়েছে। কেন্দ্র প্রতিশ্রুতি দিয়েও তা পালন করেনি বলে অভিযোগ তাঁর। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর শান্তিপূর্ণ আন্দোলনের অধিকারের পক্ষে সওয়াল করেছেন শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুক। তাঁর বক্তব্য, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করা দেশের নাগরিকদের সাংবিধানিক অধিকার। তবে কোনও দুষ্কৃতী অসৎ উদ্দেশ্যে আইন ভাঙলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিরোধিতা তিনি করছেন না বলেও স্পষ্ট করেছেন।

Latest