Skip to content

ডি. কে. শিবকুমারের শপথে কর্ণাটকে নতুন অধ্যায়, ২৫তম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ!

নিজস্ব সংবাদদাতা : আটবারের বিধায়ক এবং কর্ণাটক প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ডি. কে. শিবকুমার বুধবার বিকেলে কর্ণাটকের ২৫তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন।বুধবার, ৩ জুন বিকেল ৪টা ১৫ মিনিটে লোক ভবনে অনুষ্ঠিত শপথগ্রহণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদায়ী মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করেন তিনি। গত সপ্তাহ থেকেই ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছিল।শপথগ্রহণ অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে কংগ্রেস ১৩ সদস্যের মন্ত্রিসভার তালিকা প্রকাশ করে। মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিন শপথ নেন একাধিক গুরুত্বপূর্ণ নেতা। দলের সিদ্ধান্ত অনুযায়ী জি. পরমেশ্বর উপ-মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এছাড়াও মন্ত্রিসভায় স্থান পেয়েছেন যতীন্দ্র সিদ্দারামাইয়া, ইউ. টি. খাদের, এম. বি. পাটিল, কে. জে. জর্জ, কে. এইচ. মুনিয়াপ্পা, সতীশ জারকিহোলি, রামলিঙ্গা রেড্ডি, কৃষ্ণ বাইরেগৌড়া, প্রিয়ঙ্ক খাড়গে, ঈশ্বর খান্দ্রে, বাইরাথি সুরেশ এবং শরণ প্রকাশ পাটিল।দলীয় সূত্রে জানা গিয়েছে, আসন্ন রাজ্যসভা নির্বাচনের পর মন্ত্রিসভা আরও সম্প্রসারিত হতে পারে।শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি ও রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে-সহ একাধিক শীর্ষ কংগ্রেস নেতা। এছাড়া উপস্থিত ছিলেন কেরালার মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীশান, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি এবং হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু।রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন ধর্মীয় নেতা, ছাত্র প্রতিনিধি, পৌরকর্মী, কৃষক সংগঠনের সদস্য, দলিত নেতা এবং কন্নড় আন্দোলনের কর্মীরাও। ফলে শপথগ্রহণ অনুষ্ঠানটি এক বৃহৎ রাজনৈতিক ও সামাজিক সমাবেশে পরিণত হয়।

Latest