Skip to content

খান স্যারের দাবি ঘিরে ধোঁয়াশা! গুলি চলার অভিযোগে নতুন মোড়, তদন্তে পাটনা পুলিশ!

নিজস্ব সংবাদদাতা :  গত রাতে মঙ্গলবার ২রা জুন, পাটনায় খান স্যারের কোচিং সেন্টারের বাইরে কথিত গুলি চালানোর ঘটনাকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। প্রথমে কোচিং সেন্টারের বাইরে গুলি চালানোর অভিযোগ তুললেও পরে নিজের বক্তব্যে কিছুটা পরিবর্তন আনেন খান স্যার। তাঁর দাবি, ঘটনার সময় পরিস্থিতি এতটাই উত্তেজনাপূর্ণ ও বিশৃঙ্খল ছিল যে তিনি নিজে স্পষ্টভাবে সবকিছু বুঝতে পারেননি। অন্যদিকে পাটনা পুলিশও এখনও পর্যন্ত গুলি চালানোর কোনও প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে।ঘটনার পর সংবাদমাধ্যমের সামনে খান স্যার দাবি করেছিলেন, তাঁর প্রতিষ্ঠানের বাইরে গুলি চালানো হয়েছে। তবে তদন্তে সেই অভিযোগের সমর্থনে কোনও প্রত্যক্ষ প্রমাণ না মেলায় তিনি পরে জানান, ঘটনাস্থলের পরিস্থিতি ছিল অত্যন্ত উত্তপ্ত এবং নিরাপত্তারক্ষীদের কাছ থেকে যা শুনেছিলেন, সেই ভিত্তিতেই তিনি প্রাথমিক মন্তব্য করেছিলেন। তিনি আরও বলেন, দায়ের করা এফআইআরেও গুলি চালানোর কোনও নির্দিষ্ট উল্লেখ নেই। তবে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।তবে এর আগেই এক ভিডিও বার্তায় খান স্যার দাবি করেছিলেন, মঙ্গলবার রাত প্রায় ১০টা নাগাদ তাঁর অনলাইন ক্লাস চলাকালীন কয়েকজন দুষ্কৃতী কোচিং সেন্টারের সামনে হামলা চালায়। তাঁর বক্তব্য অনুযায়ী, তিনি নিজে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং ৮ থেকে ১০ রাউন্ড গুলির মতো শব্দ শুনেছেন বা গুলি চলতে দেখেছেন বলে মনে হয়েছে। ওই ঘটনায় এক নিরাপত্তারক্ষী মাথায় আঘাত পেয়ে আহত হন বলেও দাবি করেন তিনি।এছাড়া পাশের একটি কোচিং সেন্টারের পরিচালকের বিরুদ্ধে হুমকির অভিযোগও তোলেন খান স্যার। তাঁর দাবি, প্রতিদ্বন্দ্বী কোচিং সেন্টারের মালিক দুই দিনের মধ্যে তাঁর প্রতিষ্ঠান উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন। তবে পুলিশ এখনও পর্যন্ত সমস্ত অভিযোগ খতিয়ে দেখছে এবং ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে।

Latest