Skip to content

১৯২ তাড়া করতে নেমে থমকাল KKR, স্পিনেই ম্যাচ জিতল চেন্নাই!

নূর আহমদ ।

নিজস্ব সংবাদদাতা : চেন্নাইয়ের চেপক মানেই একসময় স্পিনারদের স্বর্গ। সময়ের সঙ্গে সেই চিত্র বদলালেও মঙ্গলবার যেন ফিরে এল পুরনো চেপক। ধীরগতির, দুই-মেজাজি উইকেটে স্পিনের জালে কলকাতা নাইট রাইডার্সকে একেবারে বেঁধে ফেলল চেন্নাই সুপার কিংস। ১৯৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কেকেআর থামল ১৬০/৭-এ। ফলে ৩২ রানের দাপুটে জয় তুলে নিল সিএসকে। ম্যাচের নায়ক নূর আহমদ, যিনি ৪ ওভারে ২১ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ ঘুরিয়ে দেন। শুরু থেকেই কেকেআরের পরিকল্পনা ছিল আক্রমণাত্মক। স্পিনারদের বিরুদ্ধে চাপমুক্ত থাকতে সুনীল নারিনকে ফিন অ্যালেনের সঙ্গে ওপেন করতে পাঠানো হয়। কিন্তু সেই কৌশল ব্যুমেরাং হয়। আনশুল কাম্বোজ ও খলিল আহমেদ দ্রুত নারিন-অ্যালেনকে ফিরিয়ে দিয়ে কেকেআরকে চাপে ফেলে দেন। পাওয়ারপ্লেতেই কলকাতার রান মাত্র ৩৬, যেখানে সিএসকে তুলেছিল ৭২। এই ব্যবধানই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। এরপর শুরু হয় নূর আহমদ ও আকিল হোসেইনের স্পিন-শাসন।

একজন বাঁহাতি রিস্ট-স্পিনার, অন্যজন বাঁহাতি অর্থোডক্স—দু’জন মিলে মাঝের ওভারগুলোতে কেকেআরের ব্যাটিংকে কার্যত শ্বাসরুদ্ধ করে দেন। তাঁদের ৮ ওভারে আসে মাত্র ৪৭ রান, সঙ্গে ৪ উইকেট। চার ওভারের এক গুরুত্বপূর্ণ স্পেলে মাত্র ১২ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচ থেকে কেকেআরকে ছিটকে দেন এই জুটি। এর আগে ব্যাট হাতে সিএসকের ভিত গড়ে দেন সঞ্জু স্যামসন (৪৮), ডেওয়াল্ড ব্রেভিস (৪১) এবং আয়ুষ মাত্ৰে-র ঝোড়ো ৩৮। প্রথম ছ’ওভারে দ্রুত রান তুলে কেকেআরের উপর চাপ বাড়িয়ে দেয় চেন্নাই। যদিও মাঝের ওভারে সুনীল নারিন ও বরুণ চক্রবর্তী দারুণ নিয়ন্ত্রিত বোলিং করেন, তবুও ১৯২/৫ স্কোরটাই শেষ পর্যন্ত ম্যাচ জেতার মতো যথেষ্ট হয়ে যায়। এই জয়ে টানা দ্বিতীয় ম্যাচ জিতে আত্মবিশ্বাস ফিরে পেল সিএসকে। অন্যদিকে, কেকেআরের ব্যর্থতা আরও গভীর হল—চলতি মরসুমে এখনও জয়ের মুখ দেখল না তারা। চেপকের পুরনো স্পিন-চরিত্রে কলকাতার ব্যাটিং যে একেবারেই দিশেহারা, তা আরও একবার স্পষ্ট হয়ে গেল।

Latest