নিজস্ব সংবাদদাতা : ডাক্তারি পড়ার সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা NEET-UG ২০২৬-এর প্রশ্নফাঁস কাণ্ডে বড় সাফল্য পেল সিবিআই। তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সিবিআই সূত্রের দাবি, এই গোটা চক্রের অন্যতম ‘কিংপিন’ হলেন পিভি কুলকার্নি নামে এক রসায়নের অধ্যাপক, যিনি পরীক্ষার আয়োজক সংস্থা National Testing Agency-র গুরুত্বপূর্ণ আধিকারিক ছিলেন। ফলে পরীক্ষার প্রশ্নপত্রে তাঁর সরাসরি প্রবেশাধিকার ছিল বলেই সন্দেহ তদন্তকারীদের।সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, এপ্রিলের শেষ সপ্তাহে কুলকার্নি ধৃত অভিযুক্ত মনীষা ওয়াঘমারের সাহায্যে একাধিক পরীক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করেছিলেন। মনীষা পুণেতে বিশেষ কোচিং ক্লাস চালাতেন, যেখানে পরীক্ষার্থীদের আগাম প্রশ্ন ও উত্তর সরবরাহ করা হত বলে অভিযোগ। তদন্তে উদ্ধার হওয়া হাতে লেখা প্রশ্নপত্রের সঙ্গে ২ মে অনুষ্ঠিত আসল NEET পরীক্ষার প্রশ্নপত্রের মিল পাওয়া গিয়েছে বলে জানিয়েছে সিবিআই।এই ঘটনায় এখনও পর্যন্ত জয়পুর, গুরুগ্রাম, নাসিক, পুণে ও আহলিয়ানগর থেকে সাত জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে পাঁচ জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।তদন্তে আরও জানা গিয়েছে, প্রশ্নফাঁস চক্রের সদস্যরা প্রথমে মহারাষ্ট্রের নাসিকে বৈঠক করেন। এরপর ফাঁস হওয়া প্রশ্নপত্রের কপি হরিয়ানায় পাঠানো হয় এবং সেখান থেকে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে দেওয়া হয়। রাজস্থান, দিল্লি, বিহার, তেলঙ্গানা, জম্মু-কাশ্মীর-সহ একাধিক রাজ্যে সেই প্রশ্নপত্র পৌঁছে গিয়েছিল বলে দাবি তদন্তকারীদের।