ভুবনেশ্বরে অল্পের জন্য রক্ষা পেল বড় রেল দুর্ঘটনা, মুখোমুখি চলে আসে দুটি ট্রেন!

ভুবনেশ্বরে অল্পের জন্য রক্ষা পেল বড় রেল দুর্ঘটনা, মুখোমুখি চলে আসে দুটি ট্রেন!

নিজস্ব সংবাদদাতা : ওড়িশার ভুবনেশ্বরে ১১ই জুন বৃহস্পতিবার সকালে অল্পের জন্য এড়ানো গেল একটি বড়সড় রেল দুর্ঘটনা। ঝাড়পাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় একই লাইনে কোনার্ক এক্সপ্রেস এবং একটি খালি প্যাসেঞ্জার ট্রেন মুখোমুখি চলে আসায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়।রেল সূত্রে জানা গিয়েছে, দুটি ট্রেনই ধীরগতিতে চলছিল। ফলে শেষ মুহূর্তে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয় এবং বড় ধরনের দুর্ঘটনা বা প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে হঠাৎ এমন পরিস্থিতি তৈরি হওয়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।প্রাথমিক তদন্তে রেল কর্তৃপক্ষের অনুমান, সিগন্যালিং ব্যবস্থার ত্রুটি অথবা মানবিক ভুলের কারণেই এই বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়ে থাকতে পারে। যদিও ঘটনার প্রকৃত কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে রেল প্রশাসন।রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার প্রতিটি দিক খতিয়ে দেখা হচ্ছে এবং দায়িত্ব নির্ধারণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সময়মতো ট্রেন দুটির গতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় শতাধিক যাত্রীর প্রাণ অল্পের জন্য রক্ষা পেয়েছে।