Skip to content

কালিয়াচক বিচারক হেনস্তা মামলায় তৎপর সুপ্রিম কোর্ট, সময়সীমা বেঁধে দিল এনআইএ-কে!

অভিজিৎ সাহা : মোথাবাড়ি-কাণ্ডে কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট। মালদহের কালিয়াচকে বিচারক ও প্রশাসনিক আধিকারিকদের ঘিরে বিক্ষোভ এবং হেনস্তার ঘটনায় সোমবার শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে, আগামী দু’মাসের মধ্যেই তদন্ত শেষ করতে হবে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-কে।উল্লেখ্য, গত ১ এপ্রিল ভোটার তালিকায় নাম না ওঠাকে কেন্দ্র করে কালিয়াচক এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। সকাল থেকেই ক্ষোভ বাড়তে থাকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে এবং পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, এসআইআর সংক্রান্ত কাজে এলাকায় যাওয়া সাতজন জুডিশিয়াল অফিসারকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় এবং দীর্ঘক্ষণ কালিয়াচক ২ নম্বর বিডিও অফিসে আটকে রাখা হয় তাঁদের। আটকে পড়াদের মধ্যে মহিলা-সহ তিনজন বিচারকও ছিলেন বলে জানা গিয়েছে।পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে গভীর রাতে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে বিচারক ও আধিকারিকদের উদ্ধার করে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক শুরু হয় এবং পরবর্তীতে বিষয়টি সুপ্রিম কোর্টে পৌঁছয়।ঘটনার গুরুত্ব বিবেচনা করে তদন্তভার দেওয়া হয় এনআইএ-কে। আদালতের নির্দেশে রাজ্য পুলিশের দায়ের করা মোট ১২টি এফআইআরের তদন্ত বর্তমানে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইতিমধ্যেই একটি প্রাথমিক রিপোর্টও আদালতে জমা দিয়েছে এনআইএ।এদিকে, প্রশাসনিক ব্যর্থতা ও বিচারকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাজ্যের মুখ্যসচিব, ডিজিপি, মালদহের জেলা শাসক এবং পুলিশ সুপারকে শোকজ নোটিস জারি করেছিল সুপ্রিম কোর্ট।১১ই মে,সোমবারের শুনানিতে আদালত স্পষ্ট জানিয়ে দেয়, তদন্তে অযথা বিলম্ব বরদাস্ত করা হবে না। নির্ধারিত সময়সীমার মধ্যেই পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট আদালতে জমা দিতে হবে এনআইএ-কে।

Latest