Skip to content

মণিপুরে ফের রক্তঝরা দিন: ইম্ফল উপত্যকায় জ্বলছে ক্ষোভ

নিজস্ব সংবাদদাতা : মণিপুরে অশান্তির আগুন যেন আরও ভয়াবহ রূপ নিচ্ছে। একদিকে উখরুল জেলায় অতর্কিত জঙ্গি হামলায় প্রাণ গেল দুই নিরীহ মানুষের, অন্যদিকে ইম্ফল উপত্যকায় ক্ষোভ-বিক্ষোভে উত্তাল জনজীবন। রাজ্যের পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে।পিটিআই সূত্রে খবর, উখরুল জেলার টিএম কাসোম এলাকার কাছে সন্দেহভাজন জঙ্গিরা আচমকাই বেসামরিক নাগরিকদের গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। এই নির্মম হামলায় প্রাণ হারান সেনাবাহিনীর এক অবসরপ্রাপ্ত সদস্য এবং আরও এক সাধারণ নাগরিক। ঘটনাটি ঘটে এমন এক সময়, যখন রাজ্যে উত্তেজনা ইতিমধ্যেই তুঙ্গে।এই ঘটনার মাত্র একদিন আগেই মুখ্যমন্ত্রী এন. বিরেন সিং উখরুল সফর করে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু তার পরদিনই এই রক্তক্ষয়ী হামলা নতুন করে প্রশ্ন তুলছে প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। মুখ্যমন্ত্রী ঘটনার তীব্র নিন্দা করে জানিয়েছেন, তদন্তভার তুলে দেওয়া হবে জাতীয় তদন্ত সংস্থা (NIA)-র হাতে।বর্তমান অস্থিরতার সূত্রপাত ঘটে চলতি মাসের ৭ এপ্রিল বিষ্ণুপুর জেলার ত্রংলাওবি গ্রামে ভয়াবহ হামলার ঘটনার পর। সেদিন একটি প্রজেক্টাইল আঘাতে মৃত্যু হয় পাঁচ বছরের এক শিশু এবং এক নবজাতকের। এই মর্মান্তিক ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে রাজ্যের বিভিন্ন এলাকা, বিশেষ করে মেইতেই অধ্যুষিত অঞ্চলগুলো।তারপর থেকেই ইম্ফল উপত্যকায় একের পর এক মশাল মিছিল, অবস্থান বিক্ষোভ এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা সামনে আসছে। পরিস্থিতি সামাল দিতে প্রশাসন চেষ্টা চালালেও, সাধারণ মানুষের ক্ষোভ এখনও থামেনি।মণিপুরে শান্তি কবে ফিরবে, সেই প্রশ্ন এখন রাজ্যবাসীর মনে বড় হয়ে দাঁড়িয়েছে।

Latest