Skip to content

বাংলার মাটিতে সাষ্টাঙ্গে মোদী, ব্রিগেডের মঞ্চে ‘জনশক্তি’-কে প্রণাম প্রধানমন্ত্রীর!

নিজস্ব সংবাদদাতা : কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শনিবার এক অন্য ছবি দেখল বাংলা। শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির হয়ে রাজ্যের জনগণের সামনে সাষ্টাঙ্গে প্রণাম করলেন প্রধানমন্ত্রী Narendra Modi। রাজনৈতিক মহলে যা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। শপথ মঞ্চে উঠে প্রথমেই বিশ্বকবি Rabindranath Tagore-এর ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। হাত জোড় করে প্রণামও করেন তিনি। শনিবার ছিল ২৫ বৈশাখ, অর্থাৎ রবীন্দ্রজয়ন্তী। সেই বিশেষ দিনেই বাংলার প্রথম বিজেপি সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান হওয়ায় গোটা আয়োজনেই ছিল বাঙালি আবেগের ছোঁয়া। এরপর মঞ্চের মাঝখানে গিয়ে জনতার দিকে মুখ করে এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি করেন মোদী।

প্রথমে হাঁটু গেড়ে বসে পড়েন তিনি। তারপর সম্পূর্ণ নতজানু হয়ে সাষ্টাঙ্গ প্রণাম করেন ব্রিগেডে উপস্থিত জনতার উদ্দেশে। কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায় সভামঞ্চ। এরপরই করতালি ও স্লোগানে ফেটে পড়ে ব্রিগেড চত্বর। প্রধানমন্ত্রী এদিন কোনও রাজনৈতিক ভাষণ দেননি। তবে তাঁর এই প্রণামের মধ্যেই উঠে এসেছে বাংলার মানুষের প্রতি সম্মান ও কৃতজ্ঞতার বার্তা— এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। পরে নিজের সমাজমাধ্যম অ্যাকাউন্ট থেকেও সেই ভিডিয়ো পোস্ট করেন মোদী। সেখানে তিনি লেখেন, “আমি পশ্চিমবঙ্গের জনশক্তির কাছে মাথা নত করছি।”

Latest