নিজস্ব সংবাদদাতা: টানা প্রবল বর্ষণে বিপর্যস্ত মহারাষ্ট্রের রাজধানী মুম্বই। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় শহরের বিভিন্ন এলাকায় ১০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পরিস্থিতির কথা মাথায় রেখে ভারতীয় আবহাওয়া দফতর (IMD) সারা দিন জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

বৃহস্পতিবার মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন (BMC)-এর বর্ষা সংক্রান্ত সর্বশেষ বুলেটিন অনুযায়ী, আগামী কয়েক ঘণ্টা শহরের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। প্রশাসন নাগরিকদের প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছে।

প্রবল বৃষ্টির মধ্যেও শুক্রবার সকালে সেন্ট্রাল, ওয়েস্টার্ন এবং হারবার লাইনে শহরতলির লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিকভাবেই চলেছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। যদিও কয়েকজন যাত্রী কিছু রুটে ট্রেন চলাচলে সামান্য বিলম্বের অভিযোগ করেছেন। অন্যদিকে, মুম্বাই ইলেকট্রিক সাপ্লাই অ্যান্ড ট্রান্সপোর্ট (BEST)-এর বাস পরিষেবাও স্বাভাবিক রয়েছে এবং বড় ধরনের কোনও বিঘ্নের খবর পাওয়া যায়নি।

এদিকে, সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলির জন্যও সতর্কতা জারি করেছে BMC। শুক্রবার দুপুর ২টা ১৮ মিনিটে ৪.২৮ মিটার উচ্চতার জোয়ার এবং শনিবার ভোর ২টা ৯ মিনিটে ৩.৬৮ মিটার উচ্চতার আরও একটি জোয়ারের সম্ভাবনা রয়েছে। এছাড়া শুক্রবার রাত ৮টা ২২ মিনিট এবং শনিবার সকাল ৭টা ৪৪ মিনিটে ভাটার পূর্বাভাস দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার মধ্যরাত থেকেই মুম্বইয়ে টানা প্রবল বৃষ্টি শুরু হয়েছে। দাদর, আন্ধেরি, গোরেগাঁও, পারেল-সহ একাধিক নিচু এলাকায় রাতভর জল জমে থাকলেও শুক্রবার সকাল নাগাদ বেশিরভাগ এলাকায় জল নেমে যায় বলে জানিয়েছেন প্রশাসনিক কর্তারা। তবে আবহাওয়া দফতরের সতর্কবার্তার জেরে শহরবাসীকে আগামী কয়েক দিন সতর্ক থাকার আবেদন জানানো হয়েছে।