Skip to content

অতিবৃষ্টিতে নাজেহাল মুম্বই, ধসে ক্ষতিগ্রস্ত নতুন টানেল; রেড অ্যালার্টে মহারাষ্ট্র !

নিজস্ব সংবাদদাতা : প্রবল বর্ষণের জেরে কার্যত বিপর্যস্ত মহারাষ্ট্রের রাজধানী মুম্বই। টানা ভারী বৃষ্টিতে শহরের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। বিভিন্ন জায়গায় গাছ উপড়ে পড়া, বাড়ি ভেঙে পড়া, ভূমিধস এবং দুর্ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। পরিস্থিতি সামাল দিতে তৎপর প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কুরলা এলাকায় রাস্তার ধারে একটি দোকানের উপর গাছ ভেঙে পড়ায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এছাড়া খোলা ম্যানহোলে পড়ে প্রাণ হারিয়েছেন আরও এক ব্যক্তি। নবি মুম্বইয়ে নিষেধাজ্ঞা অমান্য করে জলপ্রপাতে নামতে গিয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। প্রবল বর্ষণের কারণে জলপ্রপাতের জলস্তর বেড়ে যাওয়ায় আগেই সেখানে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। অন্যদিকে, লোহাগড় দুর্গ সংলগ্ন পাটন গ্রামে ভূমিধসের জেরে একটি পরিবার আটকে পড়েছে বলে জানা গিয়েছে। তাঁদের উদ্ধারে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF) অভিযান চালাচ্ছে। এছাড়াও শহরের বিভিন্ন প্রান্তে বৃষ্টিজনিত দুর্ঘটনায় আরও কয়েকজনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বড় ধাক্কা লেগেছে সদ্য উদ্বোধন হওয়া মুম্বই-পুণে এক্সপ্রেসওয়ের ২ নম্বর টানেলে। প্রায় ১৩.৩ কিলোমিটার দীর্ঘ এই টানেলটি চলতি বছরের ২৬ মে উদ্বোধন করা হয়েছিল। কিন্তু উদ্বোধনের মাত্র দুই মাসের মধ্যেই ভূমিধসের কারণে টানেলটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে যান চলাচল।

প্রবল বর্ষণে ভূমিধসের কারণে টানেলটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে যান চলাচল।

এর জেরে মুম্বইগামী বাস, ট্রাক ও অন্যান্য ভারী যানবাহন লোনাভালা হয়ে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। ফলে জাতীয় সড়কের বিভিন্ন অংশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এবং যাত্রীদের চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন মহারাষ্ট্রে বৃষ্টির প্রকোপ আরও বাড়তে পারে। থানে, পালঘর এবং রায়গড় জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। মুম্বইয়ে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া-সহ অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।দুর্যোগের আশঙ্কায় সংশ্লিষ্ট জেলাগুলির সমস্ত স্কুল-কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে। মুম্বই বিশ্ববিদ্যালয় ৬ জুলাই নির্ধারিত সমস্ত পরীক্ষা স্থগিত করেছে। পাশাপাশি বৃষ্টির জেরে রেললাইন জলমগ্ন হওয়ায় সেন্ট্রাল রেলের মুম্বই ডিভিশনের একাধিক ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। অন্তত ১৬টি ট্রেন বাতিল করা হয়েছে এবং আরও ৯টি ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে অপ্রয়োজনীয় বাইরে বের না হওয়ার এবং আবহাওয়া দপ্তরের নির্দেশিকা মেনে চলার আবেদন জানানো হয়েছে। পরিস্থিতির উপর নজর রেখে উদ্ধার ও ত্রাণকাজ জোরকদমে চালিয়ে যাচ্ছে প্রশাসন।

Latest