Skip to content

ভোটের আবহে ডোভালের ‘গোপন বৈঠক’! ১৪ মুসলিম প্রভাবশালীর সঙ্গে আলোচনা ঘিরে জল্পনা তুঙ্গে!

নিজস্ব সংবাদদাতা : নির্বাচনের উত্তপ্ত আবহে হঠাৎই জাতীয় রাজনীতির কেন্দ্রে উঠে এল এক গোপন বৈঠকের খবর। দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা Ajit Doval নীরবে বৈঠক করেছেন দেশের প্রথম সারির ১৪ জন প্রভাবশালী মুসলিম ব্যবসায়ী, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীর সঙ্গে। স্বাভাবিকভাবেই এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র জল্পনা।সাউথ ব্লক সূত্রের দাবি, প্রায় এক সপ্তাহ আগে দিল্লিতে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তি। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য Zafar Sareshwala, Faruk Patel, এনামুল হক ইরাকি ও ইব্রারুল হক ইরাকি, জুনেইদ শরিফ, জাফর লরি, দাউদি বোহরা সম্প্রদায়ের নেতা জামাত আলতাফ সাদিকোট। এছাড়াও ছিলেন Naima Khatoon, এইমসের চিকিৎসক নিশত হোসেন এবং প্রবীণ সাংবাদিক সামিনা শেখ।বৈঠকের পর এই উদ্যোগকে ইতিবাচক বলেই ব্যাখ্যা করেছেন জাফর সারেসওয়ালা। তাঁর কথায়, ডোভাল অত্যন্ত মনোযোগ দিয়ে সকলের বক্তব্য শুনেছেন। আলোচনার সময় একটি তাৎপর্যপূর্ণ উপমাও দেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। তিনি বলেন, “ভারত একটি বিশাল জাহাজের মতো—আমরা এগোলে সবাই মিলে এগোব, আর যদি ডুবি, তবে সবাই একসঙ্গে ডুবব।” দেশের ঐক্য ও সংহতি বজায় রাখতে সংখ্যালঘু সম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণের উপর জোর দেন তিনি।তবে আচমকা এই বৈঠক ঘিরে প্রশ্নও কম উঠছে না। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, কেন্দ্র কি আগামী দিনে অভিন্ন দেওয়ানি বিধি (UCC)-র মতো কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পথে হাঁটতে চলেছে? সেই সম্ভাবনা মাথায় রেখেই কি মুসলিম সমাজের প্রতিনিধিদের আগেভাগে আস্থায় নেওয়ার চেষ্টা? আবার অন্য একাংশের মতে, আন্তর্জাতিক স্তরে দ্রুত বদলে যাওয়া ভূ-রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে দেশের অভ্যন্তরীণ শান্তি ও সম্প্রীতি বজায় রাখাই ডোভালের মূল লক্ষ্য।সব মিলিয়ে, নির্বাচনের ডামাডোলে ডোভালের এই ‘মুসলিম আউটরিচ’ কোন দিকে গড়ায়, তা নিয়েই এখন নজর গোটা রাজনৈতিক মহলের।

Latest