নিজস্ব সংবাদদাতা : তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে বসেই বড় সামাজিক সংস্কারমূলক পদক্ষেপ নিলেন Vijay। সোমবার জারি হওয়া এক সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে, উপাসনাস্থল, শিক্ষা প্রতিষ্ঠান এবং বাস স্টপের ৫০০ মিটারের মধ্যে থাকা সমস্ত মদের দোকান আগামী দু’সপ্তাহের মধ্যে বন্ধ করে দিতে হবে।সরকারি সূত্রে জানা গিয়েছে, এই সিদ্ধান্তের ফলে রাজ্যের মোট ৭১৭টি সরকারি মদের দোকান বন্ধ হতে চলেছে। তামিলনাড়ু সরকারের রিপোর্ট অনুযায়ী, বর্তমানে রাজ্যে মোট ৪,৭৬৫টি সরকারি মদের দোকান রয়েছে। এর মধ্যে বিভিন্ন উপাসনাস্থলের সামনে ২৭৬টি, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ১৮৬টি এবং বাস স্ট্যান্ডের কাছে ২৫৫টি মদের দোকান চিহ্নিত করা হয়েছে, যেগুলিতে খুব শীঘ্রই তালা পড়বে।রাজনৈতিক মহলের একাংশের মতে, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটাই Vijay সরকারের প্রথম বড় সামাজিক সংস্কারমূলক পদক্ষেপ। এর মূল উদ্দেশ্য জনবহুল ও সংবেদনশীল এলাকায় মদের সহজলভ্যতা নিয়ন্ত্রণ করা।শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী পদে বসার পর নির্বাচনী ইস্তেহারের প্রতিশ্রুতি অনুযায়ী একাধিক গুরুত্বপূর্ণ অধ্যাদেশেও সই করেছেন Vijay। এর মধ্যে রয়েছে ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা, মহিলাদের সুরক্ষার জন্য বিশেষ টাস্ক ফোর্স গঠন এবং মাদক সমস্যা মোকাবিলায় প্রতিটি জেলায় বিশেষ বাহিনী তৈরির সিদ্ধান্ত।পাশাপাশি তিনি ঘোষণা করেছেন, ২০২১ থেকে ২০২৬ সময়কালের জন্য রাজ্যের আর্থিক অবস্থার বিস্তারিত তথ্য তুলে ধরে একটি শ্বেতপত্র প্রকাশ করা হবে। মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে তিনি জানান, তামিলনাড়ু বর্তমানে ১০ লক্ষ কোটি টাকারও বেশি ঋণের বোঝায় জর্জরিত এবং রাজ্যের আর্থিক পরিস্থিতি অত্যন্ত সংকটজনক অবস্থায় রয়েছে।
মুখ্যমন্ত্রী হয়েই অ্যাকশনে বিজয়, উপাসনাস্থল-স্কুলের পাশে আর নয় মদের দোকান!