পুজোর আগে বিহারের মোস্ট ওয়ান্টেড গ্যাংয়ের নজরে ছিল বাংলার সোনার দোকান! হাওড়া পুলিশের বড় সাফল্য...

পুজোর আগে বিহারের মোস্ট ওয়ান্টেড গ্যাংয়ের নজরে ছিল বাংলার সোনার দোকান! হাওড়া পুলিশের বড় সাফল্য...

নিজস্ব সংবাদদাতা :দুর্গাপুজোর আগেই কলকাতা ও হাওড়ার একাধিক সোনার দোকানে বড়সড় ডাকাতির পরিকল্পনা করেছিল বিহারের একটি কুখ্যাত অপরাধী চক্র। তবে পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার আগেই হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগের তৎপরতায় ভেস্তে গেল সেই ছক। গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে সাঁকরাইল এলাকা থেকে বিহারের ছয় দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা সাঁকরাইল এলাকায় একটি ঘর ভাড়া নিয়ে কয়েকদিন ধরে অবস্থান করছিল। সেখান থেকেই তারা কলকাতা ও হাওড়ার ছোট-বড় একাধিক সোনার দোকানে ডাকাতির পরিকল্পনা করছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।ধৃতদের নাম প্রিন্স কুমার, বিশাল কুমার, কিষাণ কুমার, চন্দন কুমার, অঙ্কিত কুমার এবং লবকুশ রাই। এরা সকলেই বিহারের নালন্দা ও পাটনা জেলার বাসিন্দা। তদন্তে জানা গিয়েছে, ধৃতদের বিরুদ্ধে বিহারের বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। এছাড়াও অভিযুক্ত প্রিন্স কুমারের বিরুদ্ধে খুনের মামলাও রয়েছে এবং তাকে দীর্ঘদিন ধরে খুঁজছিল বিহার স্পেশাল টাস্ক ফোর্স (STF)।অভিযানের সময় ধৃতদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও বেশ কয়েক রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। বাজেয়াপ্ত অস্ত্রগুলি কীভাবে তাদের হাতে এল এবং এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।বৃহস্পতিবার ধৃতদের হাওড়া আদালতে পেশ করা হয়েছে। পুলিশ তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই আন্তঃরাজ্য ডাকাত চক্রের নেটওয়ার্ক, সম্ভাব্য সহযোগী এবং পরিকল্পনার বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে।