নিজস্ব সংবাদদাতা : বিশ্ববিখ্যাত পুরীর রথযাত্রাকে ঘিরে ভক্তদের ঢল নামলেও, সেই উৎসবের আবহে নেমে এল বিপর্যয়ের ছায়া। বৃহস্পতিবার (১৬ জুলাই) রথযাত্রা উপলক্ষে শ্রীক্ষেত্রে ভক্তদের ব্যাপক ভিড়ের মধ্যে হুড়োহুড়ি ও পদপিষ্ট হওয়ার ঘটনায় অন্তত ১২০ জন পুণ্যার্থী আহত হন। প্রাথমিকভাবে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। যদিও প্রশাসনের তরফে ঘটনাটি নিয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশের অপেক্ষা রয়েছে।

সকাল থেকেই জগন্নাথ মন্দির চত্বর এবং গ্র্যান্ড রোডে লক্ষাধিক ভক্তের সমাগম হয়। প্রভু জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রাকে রথে আরোহন করানোর সময় ভক্তদের মধ্যে তীব্র ভিড় ও ঠেলাঠেলির সৃষ্টি হয়। রথের রশি টানার জন্য একযোগে এগিয়ে আসতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং বহু মানুষ মাটিতে পড়ে যান। ভিড়ের চাপে একের পর এক ভক্ত পদপিষ্ট হন।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং স্বাস্থ্যকর্মীরা। আহতদের দ্রুত অ্যাম্বুল্যান্সে করে পুরী জেলা হাসপাতাল ও আশপাশের বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, আহতদের অধিকাংশই শ্বাসকষ্ট, ডিহাইড্রেশন, অতিরিক্ত গরম এবং ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়েছেন।

প্রাথমিক চিকিৎসার পর কয়েকজনকে ছেড়ে দেওয়া হলেও বহু ভক্ত এখনও চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। রথযাত্রার মতো বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা এবং ভিড় নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশাসন ঘটনার কারণ খতিয়ে দেখছে এবং আহতদের চিকিৎসায় সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।