সেখ ওয়ারেশ আলী : পশ্চিম মেদিনীপুরের কেশপুরে ভোটের দিনেই ঘটল হৃদয়বিদারক ঘটনা। ভোট দিয়ে বাড়ি ফেরার পথে মৃত্যু হল এক মহিলা ভোটারের। ঘটনাটি কেশপুর ব্লকের ১২ নম্বর সরিষাখোলা গ্রাম পঞ্চায়েতের ২২৫ নম্বর দীঘা বুথের অন্তর্গত সীমাগেরিয়া গ্রামের বাসিন্দা ইসরাতন বিবি (৫৬)-কে ঘিরে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, স্বামী লবাব জান আলীর সঙ্গে এদিন সকালে ভোট দিতে গিয়েছিলেন তিনি। তবে ভোট দিয়ে ফেরার সময় আচমকাই অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই তাঁর মৃত্যু হয়।মৃতার স্বামী জানান, তাঁদের পরিবারের চারজনের নাম ভোটার তালিকায় না থাকলেও শুধুমাত্র তাঁর স্ত্রীর নাম ছিল। এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই মানসিক দুশ্চিন্তায় ভুগছিলেন ইসরাতন বিবি।

ভোট দিতে যাওয়ার আগেও বিষয়টি নিয়ে উদ্বেগে ছিলেন তিনি।ঘটনার পর মৃতার বাড়িতে পৌঁছন তৃণমূল কংগ্রেস প্রার্থী Shiuli Saha। তিনি শোকপ্রকাশ করে বলেন, “ভোটার তালিকা থেকে পরিবারের বাকি সদস্যদের নাম বাদ পড়ায় তিনি মানসিক চাপে ছিলেন। ভোট দিয়ে ফেরার পথে তাঁর এই মৃত্যু অত্যন্ত দুঃখজনক।”এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ভোটের দিনে এমন ঘটনায় প্রশ্ন উঠছে ভোটার তালিকা সংক্রান্ত ত্রুটি নিয়েও।