নিজস্ব সংবাদদাতা : তিনদিনের ভারত সফরে বুধবার নয়াদিল্লিতে পৌঁছেছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই তাঁর প্রথম ভারত সফর। সফরের অন্যতম আকর্ষণ হিসেবে বৃহস্পতিবার হরিয়ানার খারখোদায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যৌথভাবে মারুতি সুজুকির নতুন গাড়ি কারখানার উদ্বোধন করবেন তিনি।প্রায় ৮০০ একর জমির ওপর গড়ে ওঠা এই প্রকল্পটি ভারতের অটোমোবাইল শিল্পে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় বিনিয়োগ হিসেবে বিবেচিত হচ্ছে। সম্পূর্ণভাবে চালু হলে বছরে প্রায় ১০ লক্ষ গাড়ি উৎপাদনের লক্ষ্য নিয়েছে মারুতি সুজুকি। সংস্থার মোট ৩৫ হাজার কোটি টাকার বিনিয়োগ পরিকল্পনার অংশ এই প্রকল্পে ২১ হাজারেরও বেশি সরাসরি কর্মসংস্থানের পাশাপাশি হাজার হাজার পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।এদিকে, ১৬তম ভারত-জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সানায়ে তাকাইচির দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা ও কৌশলগত সহযোগিতা-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।