Skip to content

রেশন কেলেঙ্কারিতে ইডির হানা! পূর্ব বর্ধমানে রাইস মিলে তল্লাশি ঘিরে চাঞ্চল্য!

নিজস্ব সংবাদদাতা : রেশন দুর্নীতি মামলায় ফের জোরালো পদক্ষেপ নিল Enforcement Directorate (ইডি)। শনিবার সকালেই পূর্ব বর্ধমানের মাধবডিহি থানার নন্দনপুর এলাকায় মা অন্নপূর্ণা রাইস মিল ও সংশ্লিষ্ট গদিঘরে শুরু হয় তল্লাশি অভিযান, যা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।জানা গিয়েছে, জিটি রোডের রুবি প্যালেস মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত রাইস মিলের অফিসকেও ঘিরে ফেলে ইডি। একাধিক আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে সকাল থেকেই এলাকায় নজরকাড়া তৎপরতা দেখা যায়। মিল প্রাঙ্গণ কার্যত নিরাপত্তার বলয়ে ঢেকে ফেলা হয়।ইডি সূত্রের খবর, এই তল্লাশিতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে ডিজিটাল তথ্যপ্রমাণের উপর। ল্যাপটপ, হার্ডডিস্ক-সহ একাধিক ইলেকট্রনিক ডিভাইস খতিয়ে দেখা হচ্ছে। সন্দেহ করা হচ্ছে, রেশন বণ্টনে অনিয়ম ও আর্থিক লেনদেনের গুরুত্বপূর্ণ সূত্র লুকিয়ে থাকতে পারে এই তথ্যের মধ্যেই।প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, রেশন দুর্নীতি মামলার তদন্তে নতুন তথ্য সংগ্রহ করতেই এই অভিযান চালানো হয়েছে। হঠাৎ এই তল্লাশি ঘিরে স্থানীয়দের মধ্যে কৌতূহল ও উত্তেজনা দুই-ই বাড়ছে। তদন্তের অগ্রগতি কোন দিকে যায়, সেদিকেই এখন নজর প্রশাসনিক মহলের।

Latest