নারীসম্মান ও নিরাপত্তার অঙ্গীকারে মেচেদায় নবম বার্ষিক ‘বোন ফোঁটা’ অনুষ্ঠান
নারায়ণ চন্দ্র নায়ক: নারীসম্মান, মর্যাদা ও নিরাপত্তা রক্ষার বার্তা নিয়ে মেচেদায় অনুষ্ঠিত হল নবম বার্ষিক ‘বোন ফোঁটা’ অনুষ্ঠান। ডাঃ নর্মান বেথুন মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ট্রাস্টের মেচেদাস্থিত ভবনের সেমিনার হলে এই অভিনব সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংস্থার সঙ্গে যুক্ত পুরুষ সদস্যরা নবম বর্ষে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁদের মহিলা সহকর্মীদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করার পাশাপাশি তাঁদের সম্মান ও নিরাপত্তা রক্ষার অঙ্গীকার করেন।অনুষ্ঠানে সংস্থার সঙ্গে যুক্ত প্রায় 75 জন মহিলা কর্মীকে দই-চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নেন পুরুষ সদস্যরা। প্রচলিত ভ্রাতৃদ্বিতীয়ার ভাবনাকে সামাজিক দায়বদ্ধতার পরিসরে সম্প্রসারিত করে এই ‘বোন ফোঁটা’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নারীকে শুধুমাত্র সম্মান জানানোই নয়, তাঁদের মর্যাদা, অধিকার ও নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্বও যে পুরুষ সমাজের, সেই বার্তাই উঠে আসে এই কর্মসূচিতে।অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রাবন্ধিক ও সমাজসেবী সৌমেন বসু। অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন আবহাওয়াবিদ অশোক হাজরা, সাহিত্যিক শচীন মান্না, শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ ভবানী শঙ্কর দাস ও ডাঃ নেপাল মহাপাত্র, ডাঃ নাসরিন আলী, ডাঃ বিশ্বজিৎ মান্না এবং ডাঃ সৌমিত্র দেব মাইতি প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের সভাপতি ডাঃ বিশ্বনাথ পড়িয়া।

বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্ট অতিথিরা ‘বোন ফোঁটা’র মতো সামাজিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে বর্তমান সমাজে নারী নির্যাতন, ধর্ষণ, গণধর্ষণ ও খুনের মতো অপরাধের ক্রমবর্ধমান উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে তাঁরা আশঙ্কা প্রকাশ করেন। রাস্তাঘাট থেকে শুরু করে বাস, ট্রাম ও ট্রেন—সর্বত্র নারীদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সমাজের প্রত্যেক স্তরের মানুষের আরও সক্রিয় ভূমিকা গ্রহণ করা প্রয়োজন বলে মত প্রকাশ করেন বক্তারা। বিশেষ করে নারী নির্যাতন প্রতিরোধে পুরুষদের এগিয়ে এসে সামাজিক দায়িত্ব পালনের উপর তাঁরা গুরুত্ব আরোপ করেন।আনুষ্ঠানিকতার গণ্ডি পেরিয়ে নারীসম্মান ও নিরাপত্তার প্রশ্নে সামাজিক সচেতনতা গড়ে তোলার এই উদ্যোগ উপস্থিত সকলের কাছে বিশেষ তাৎপর্য বহন করে। নবম বর্ষে পদার্পণ করা ‘বোন ফোঁটা’ অনুষ্ঠান আরও একবার মনে করিয়ে দিল, নারীর প্রতি প্রকৃত সম্মান কেবল আনুষ্ঠানিকতায় নয়, বরং প্রতিদিনের আচরণ ও দায়িত্ববোধের মধ্য দিয়েই প্রতিষ্ঠিত হওয়া জরুরি।
সম্পর্কিত খবর
পূর্ব মেদিনীপুর
দীপাবলিতে রক্তদানের মহতী উদ্যোগ, কামরদা তুফান সংঘের শিবিরে রক্ত দিলেন 50 জন!
পূর্ব মেদিনীপুর
মহারাষ্ট্রের মহিলা বাদ্যযন্ত্রীদের তালে মাতল পূর্ব মেদিনীপুরে তমলুক, বর্ণাঢ্য শোভাযাত্রায় উপচে পড়ল ভিড়
পূর্ব মেদিনীপুর