নাবালিকা আদিবাসী স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফের পথ অবরোধ শিলদায়!
নিজস্ব সংবাদদাতা :নাবালিকা আদিবাসী স্কুলছাত্রীকে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে ফের উত্তপ্ত বেলপাহাড়ির শিলদা। অভিযুক্ত গ্রেফতার হলেও ক্ষোভ প্রশমিত হয়নি। অভিযুক্তের বিরুদ্ধে কঠোরতম শাস্তির দাবিতে শুক্রবার সকাল থেকে শিলদা চক এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান আদিবাসী সমাজের মানুষজন। তাঁদের সঙ্গে প্রতিবাদে শামিল হন এলাকার বহু সাধারণ মানুষও।সকাল থেকেই শিলদা মোড়ে শুরু হয় বিক্ষোভ ও জমায়েত। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বিক্ষোভকারীদের সংখ্যা বাড়তে থাকে। পথ অবরোধের জেরে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয় বলে জানা গিয়েছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। প্রশাসনের তরফেও অবরোধ তুলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালানো হয়। এলাকায় উত্তেজনা থাকায় পরিস্থিতির উপর নজর রাখছে পুলিশ প্রশাসন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ২৩ আগস্ট বেলপাহাড়ি এলাকার এক টোটোচালকের বিরুদ্ধে ওই নাবালিকা স্কুলছাত্রীকে টোটোতে করে জঙ্গলের দিকে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। সেখানেই নাবালিকাকে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ।ঘটনার পরই অভিযুক্ত রূপকুমার দাসকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে বিষয়টি নিয়ে তদন্ত চলছে।তবে অভিযুক্ত গ্রেফতার হলেও ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। বিক্ষোভকারীদের দাবি, নাবালিকার উপর এমন গুরুতর অপরাধের ক্ষেত্রে দ্রুত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। বিক্ষোভকারীদের একাংশ অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবিও তুলেছেন।এই দাবিতেই শুক্রবার শিলদা চক এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে প্রতিবাদে সামিল হন তাঁরা। ঘটনাকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় এলাকায় পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।