চেন্নাই সেন্ট্রাল স্টেশনে নিরাপত্তায় নতুন উদ্যোগ, RPF-এর টহলে যুক্ত ব্যাটারিচালিত 'TRIKE' ই-স্কুটার!

চেন্নাই সেন্ট্রাল স্টেশনে নিরাপত্তায় নতুন উদ্যোগ, RPF-এর টহলে যুক্ত ব্যাটারিচালিত 'TRIKE' ই-স্কুটার!

নিজস্ব সংবাদদাতা : যাত্রী নিরাপত্তাকে আরও আধুনিক ও কার্যকর করতে অভিনব উদ্যোগ নিল চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন। স্টেশনে নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF)-এর টহলদারিতে যুক্ত করা হয়েছে ব্যাটারিচালিত থ্রি-হুইলার ইলেকট্রিক স্কুটার 'TRIKE'

এই আধুনিক ইলেকট্রিক স্কুটারগুলির সাহায্যে RPF কর্মীরা স্টেশনের প্ল্যাটফর্ম, কনকোর্স এবং যাত্রীভিড়পূর্ণ এলাকায় দ্রুত টহল দিতে পারবেন। পাশাপাশি কোনও জরুরি পরিস্থিতি তৈরি হলে খুব কম সময়ের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা দেওয়াও সম্ভব হবে।

প্রযুক্তিনির্ভর এই 'TRIKE' স্কুটারগুলিতে রয়েছে অত্যাধুনিক GPS ট্র্যাকিং, সাইরেন, পাবলিক অ্যাড্রেস (PA) সিস্টেম এবং RFID-ভিত্তিক ইগনিশন সিস্টেম। ফলে নিরাপত্তা নজরদারি যেমন আরও কার্যকর হবে, তেমনই জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়াও সহজ হবে। রেল কর্তৃপক্ষের মতে, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে দেশের অন্যান্য ব্যস্ত রেলস্টেশনেও এই ধরনের ইলেকট্রিক প্যাট্রোলিং স্কুটার চালুর সম্ভাবনা রয়েছে।