Skip to content

ঝাড়গ্রামের সাধু রামচাঁদ মুরমু বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পালিত হলো পণ্ডিত রঘুনাথ মুর্মু-র ১২১তম জন্মজয়ন্তী!

নিজস্ব সংবাদদাতা : ঝাড়গ্রামের সাধু রামচাঁদ মুরমু বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ৭ মে বৃহস্পতিবার সাড়ম্বরে পালিত হলো পণ্ডিত রঘুনাথ মুর্মু-র ১২১তম জন্মজয়ন্তী। এই উপলক্ষে আয়োজিত হয় এক বিশেষ বক্তৃতামালা, যেখানে সাঁওতালি ভাষা, সাহিত্য ও সংস্কৃতির প্রতি তাঁর ঐতিহাসিক অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। একইসঙ্গে ‘অলচিকি’ লিপির শতবর্ষ পূর্তিও এই অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল।অনুষ্ঠানের সূচনা হয় বিশ্ববিদ্যালয়ের নামাঙ্কিত ব্যক্তিত্ব সাধু রামচাঁদ মুরমু-র মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং অতিথিরা এই মহান ব্যক্তিত্বের প্রতি গভীর সম্মান জ্ঞাপন করেন।উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক চন্দ্রদীপা ঘোষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক রাজেশ মাহাতো-সহ বহু বিশিষ্ট ব্যক্তি, অধ্যাপক, গবেষক এবং সাঁওতালি সংস্কৃতিপ্রেমী মানুষ।

বিশেষ বক্তৃতা প্রদান করেন বিশিষ্ট সাঁওতালি সাহিত্যিক এবং সাহিত্য আকাদেমি পুরস্কারপ্রাপ্ত ভোগলা সারেন। তাঁর আলোচনার বিষয় ছিল—“পণ্ডিত রঘুনাথ মুর্মুর সাহিত্যে দার্শনিক ধারণা”। বক্তৃতায় তিনি রঘুনাথ মুর্মুর সাহিত্যকর্মের গভীরে থাকা দার্শনিক চিন্তাধারা, নৈতিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা এবং মানবিক চেতনার বিশদ বিশ্লেষণ তুলে ধরেন।অনুষ্ঠানজুড়ে সাঁওতালি সংস্কৃতির ঐতিহ্য ও ভাষার গুরুত্ব নতুন প্রজন্মের সামনে তুলে ধরা হয়। উপস্থিতদের মতে, এই ধরনের উদ্যোগ শুধু ইতিহাসকে স্মরণ করায় না, ভবিষ্যৎ প্রজন্মের মধ্যেও সাংস্কৃতিক চেতনা জাগিয়ে তোলে।

Latest