মেদিনীপুর 22° ☁️ · AQI 188 · মাঝারি 19 নভেম্বর 2026, বৃহস্পতিবার ই-পেপার
অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

বেনাপুর হাইস্কুলে সাত মনীষীর আবক্ষ ও পূর্ণাবয়ব মূর্তি উন্মোচন, বর্ণাঢ্য অনুষ্ঠানে সম্মানিত কৃতীরা

বেনাপুর হাইস্কুলে সাত মনীষীর আবক্ষ ও পূর্ণাবয়ব মূর্তি উন্মোচন, বর্ণাঢ্য অনুষ্ঠানে সম্মানিত কৃতীরা

নিজস্ব সংবাদদাতা : শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান, মানবিকতা, মনুষ্যত্ব, দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধের চেতনা জাগিয়ে তুলতে এক বিশেষ উদ্যোগ গ্রহণ করল পশ্চিম মেদিনীপুরের খড়গপুর মহকুমার বেনাপুর হাইস্কুল (উচ্চতর মাধ্যমিক)। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে সাতজন বিশিষ্ট মনীষীর মূর্তি উন্মোচনের পাশাপাশি অনুষ্ঠিত হয় বার্ষিক পারিতোষিক প্রদান অনুষ্ঠান।এলাকার শিক্ষানুরাগী ও শিক্ষাদরদী ব্যক্তিদের আর্থিক সহযোগিতায় বিদ্যালয় প্রাঙ্গণে স্থাপিত হয়েছে সাতজন মনীষীর মূর্তি। তাঁদের মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ ও রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ণাবয়ব মূর্তি এবং নেতাজি সুভাষচন্দ্র বসু, সর্বপল্লি রাধাকৃষ্ণণ, শহিদ মাতঙ্গিনী হাজরা ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আবক্ষ মূর্তি উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে সর্বপল্লি রাধাকৃষ্ণণের মূর্তি উন্মোচন করেন পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রাজেশ মাহাত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি উন্মোচন করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. দীপক কুমার কর। নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি উন্মোচন করেন খড়গপুরের মহকুমা শাসকের প্রতিনিধি ডি.এম.ডি.সি.। পিংলা বিধানসভার বিধায়িকা স্বাগতা মান্না শহিদ মাতঙ্গিনী হাজরার মূর্তি এবং পশ্চিম মেদিনীপুরের জেলা বিদ্যালয় পরিদর্শক কাজী নজরুল ইসলামের মূর্তি উন্মোচন করেন।অন্যদিকে, স্বামী বিবেকানন্দ ও রবীন্দ্রনাথ ঠাকুরের সংস্কারোত্তর মূর্তি উন্মোচন করেন বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি নীলকণ্ঠ আচার্য এবং প্রাক্তন প্রধান শিক্ষক মদনমোহন মণ্ডল। মূর্তিগুলির সংস্কার ও সৌন্দর্যায়নের কাজে এলাকার বিশিষ্ট শিল্পপতি অনাদিকান্ত সাঁতরার বিশেষ অবদানের কথা অনুষ্ঠানে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন বক্তারা।

অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা তাঁদের বক্তব্যে বলেন, মনীষীদের জীবন, আদর্শ ও কর্মধারা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ক্ষেত্রে এই উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিদ্যালয় প্রাঙ্গণে মনীষীদের মূর্তি স্থাপন শুধু বিদ্যালয়ের সৌন্দর্য বৃদ্ধি নয়, বরং শিক্ষার্থীদের মধ্যে মানবিকতা, দেশপ্রেম, নৈতিকতা ও সমাজসেবার মানসিকতা গড়ে তোলার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. সুমন রায়। মনীষীদের আদর্শকে পাথেয় করে আগামী প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার বার্তা দিয়েই অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষার পাশাপাশি মূল্যবোধ চর্চার গুরুত্ব তুলে ধরা হয়।