নিজস্ব সংবাদদাতা : নয়াদিল্লি: আন্তর্জাতিক পরিস্থিতির জেরে তেল-গ্যাসের দাম বৃদ্ধি এবং জ্বালানি সংকটের আবহে দেশের শক্তিক্ষেত্র নিয়ে আশাবাদী বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এনডিএ-র এক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, গত ১২ বছর ধরে ভারতকে শক্তি উৎপাদনে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করেছে কেন্দ্রীয় সরকার।প্রধানমন্ত্রী বলেন, দেশের তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান এবং উত্তোলনের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য মিলেছে। পাশাপাশি সৌরশক্তি, পারমাণবিক শক্তি, গ্রিন হাইড্রোজেন এবং গ্রিন অ্যামোনিয়া উৎপাদনেও ভারত দ্রুত এগিয়ে চলেছে। আগামী দিনে ৫০০ গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদনের লক্ষ্য নিয়েও কাজ চলছে বলে জানান তিনি।মোদি আরও দাবি করেন, ব্রিডার রিয়্যাক্টর প্রযুক্তিতে ভারতের অগ্রগতি দেশকে পারমাণবিক শক্তি উৎপাদনে আরও আত্মনির্ভর করে তুলবে। এদিকে বঙ্গোপসাগর ও আন্দামান উপকূলীয় অঞ্চলে নতুন তেল ও গ্যাসের ভাণ্ডার অনুসন্ধানের কাজও জোরকদমে চলছে। এই ক্ষেত্র থেকে ভবিষ্যতে আরও ইতিবাচক ফল মিলবে বলেই আশাবাদী কেন্দ্র।
জ্বালানিতে নতুন যুগের ইঙ্গিত! ভারতের অগ্রগতির কথা তুলে ধরলেন মোদি