Skip to content

রাজ্যস্তরের রাইফেল শুটার দময়ন্তী সেন নিখোঁজ, শেষবার হাওড়া স্টেশনে দেখা যায়!

অভিজিৎ সাহা : রাজ্যস্তরের প্রতিভাবান রাইফেল শুটার এবং দশম শ্রেণির ছাত্রী দময়ন্তী সেন গত বৃহস্পতিবার সকাল থেকে নিখোঁজ। ঘটনার ২৪ ঘণ্টারও বেশি সময় কেটে গেলেও এখনও তাঁর কোনো সন্ধান মেলেনি। এই ঘটনায় পরিবার, প্রতিবেশী এবং ক্রীড়ামহলে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। পুলিশ বিভিন্ন সূত্র ধরে তদন্ত চালাচ্ছে।পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল প্রায় ৯টা ৪৫ মিনিটে বাড়ি থেকে দুধ কিনতে বেরিয়েছিলেন দময়ন্তী। এরপর আর তিনি বাড়ি ফেরেননি। প্রথমে পরিবারের সদস্যরা আত্মীয়-পরিজন ও পরিচিতদের সঙ্গে যোগাযোগ করে খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও কোনো সন্ধান না মেলায় শেষ পর্যন্ত থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়।দময়ন্তীর মা মৌমিতা রায় সেন জানান, আগের রাতে মেয়ে নিজের মোবাইল ফোন বাবার কাছে জমা দিতে ভুলে গিয়েছিল। পরে তাঁর বাবা ফোনটি নিয়ে নেন। পরিবারের অনুমান, এই ঘটনায় হয়তো দময়ন্তীর মনে কিছুটা অভিমান তৈরি হয়েছিল। তবে এই ঘটনার সঙ্গে তাঁর নিখোঁজ হওয়ার কোনো প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।দময়ন্তীর বাবা ধ্রুবজ্যোতি সেন বলেন, তাঁর মেয়ে মোবাইল ফোনে আসক্ত ছিল না এবং নিয়মিত নির্দিষ্ট সময়ে ফোন জমা দিত। তাই আচমকা এভাবে নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় গোটা পরিবার মানসিকভাবে ভেঙে পড়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিসিটিভি ফুটেজে দময়ন্তীকে শেষবার হাওড়া স্টেশনের ৪ ও ৫ নম্বর প্ল্যাটফর্মের দিকে যেতে দেখা গেছে। এরপর থেকে তাঁর অবস্থান সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বিভিন্ন সম্ভাব্য জায়গায় তল্লাশি চালানোর পাশাপাশি সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত অব্যাহত রয়েছে।উল্লেখ্য, দময়ন্তী রাজ্যস্তরের একজন সম্ভাবনাময় রাইফেল শুটার। সম্প্রতি তিনি জাতীয় দলের ট্রায়ালে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। তাঁর নিখোঁজ হওয়ার ঘটনায় ক্রীড়ামহলেও উদ্বেগ ছড়িয়েছে। ভারতের প্রখ্যাত শুটার ও অলিম্পিয়ান জয়দীপ কর্মকার সমাজমাধ্যমে দময়ন্তীর দ্রুত ও নিরাপদে বাড়ি ফিরে আসার আবেদন জানিয়েছেন।পরিবারের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে আবেদন জানানো হয়েছে, দময়ন্তী সেন সম্পর্কে কোনো তথ্য বা সূত্র কারও জানা থাকলে অনুগ্রহ করে নিকটবর্তী থানায় অথবা তাঁর পরিবারের সঙ্গে দ্রুত যোগাযোগ করুন, যাতে তাঁকে নিরাপদে ফিরিয়ে আনা সম্ভব হয়।

Latest