Skip to content

পথ কুকুর ইস্যুতে ‘সুপ্রিম’ বার্তা, জননিরাপত্তায় জোর

ছবি : সমাজ মাধ্যম থেকে নেওয়া। 

নিজস্ব সংবাদদাতা : জননিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পথ কুকুর সংক্রান্ত মামলায় ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি Vikram Nath, Sandeep Mehta এবং N. V. Anjaria-র ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, স্কুল, কলেজ, হাসপাতাল-সহ সংবেদনশীল এলাকা থেকে পথ কুকুরদের টিকাকরণ বা বন্ধ্যাকরণের জন্য সরানোর পর আর সেই জায়গায় ফিরিয়ে আনা যাবে না। দেশের বিভিন্ন প্রান্তে কুকুরের কামড়ে সাধারণ মানুষের আক্রান্ত হওয়ার একটি পরিসংখ্যান তুলে ধরে আদালত এই রায় দেয়। আদালত জানিয়েছে, রেল স্টেশন, বাস স্ট্যান্ড, স্পোর্টস কমপ্লেক্স ও জাতীয় সড়কের মতো জনবহুল এলাকা থেকেও দ্রুত পথ কুকুর সরাতে হবে। অপসারিত কুকুরদের নির্দিষ্ট শেল্টারে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিটি জেলায় পশু জন্মনিয়ন্ত্রণ কেন্দ্র গড়ে তোলা এবং পর্যাপ্ত অ্যান্টি-রেবিস ভ্যাকসিন মজুত রাখার কথাও বলা হয়েছে। শীর্ষ আদালতের নির্দেশে আরও বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল এলাকায় নিরাপত্তার জন্য পাঁচিল বা বেড়া নির্মাণ করতে হবে। গুরুতর অসুস্থ বা অত্যন্ত বিপজ্জনক কুকুরদের ক্ষেত্রে নিয়ম মেনে ‘ইউথানাসিয়া’র অনুমতিও দেওয়া হয়েছে। এছাড়াও আদালত স্পষ্ট করেছে, এই নির্দেশ কার্যকর করতে গিয়ে পুরসভা বা প্রশাসনিক আধিকারিকদের বিরুদ্ধে কোনও এফআইআর করা যাবে না। আগামী ৮ সপ্তাহের মধ্যে রাজ্যগুলিকে বাস্তবায়নের স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। পুরো বিষয়টি পর্যবেক্ষণ করবে সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্ট।

Latest