শূন্যপদ পূরণ-সহ একাধিক দাবিতে ঝাড়গ্রাম আদালতে প্রতীকী কর্মবিরতি!
নিজস্ব সংবাদদাতা : শূন্যপদে দ্রুত নিয়োগ, আদালতের পরিকাঠামোর উন্নয়ন এবং দীর্ঘদিনের প্রশাসনিক সমস্যার সমাধানের দাবিতে বুধবার দু'ঘণ্টার প্রতীকী কর্মবিরতি ও সাত ঘণ্টার অনশন কর্মসূচি পালন করলেন ঝাড়গ্রাম জেলা আদালতের কর্মচারীরা। পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী সমিতির ঝাড়গ্রাম জেলা কমিটির উদ্যোগে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আদালত চত্বরে এই কর্মসূচি চলে।কর্মচারীদের অভিযোগ, অতিরিক্ত জেলা ও দায়রা আদালত ও ফ্যামিলি কোর্টে একাধিক গুরুত্বপূর্ণ পদ দীর্ঘদিন শূন্য পড়ে রয়েছে। পাশাপাশি, কর্মী সংকট, সিভিক ভলান্টিয়ার ও হোমগার্ডদের প্রশাসনিক কাজে ব্যবহার এবং প্রাক্তন ফাস্ট ট্র্যাক কোর্টের কর্মীদের স্থায়ীকরণের দাবিও তোলা হয়। জেলা সম্পাদক সুদীপ্ত সরেন জানান, দীর্ঘদিন আবেদন ও বৈঠকের পরও সমস্যার সমাধান না হওয়ায় তাঁরা শান্তিপূর্ণ আন্দোলনের পথে নেমেছেন। দাবি পূরণ না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি।