ধর্মশালায় আজ ফাইনাল টিকিটের লড়াই, কোয়ালিফায়ারে মুখোমুখি বেঙ্গালুরু-গুজরাত

ধর্মশালায় আজ ফাইনাল টিকিটের লড়াই, কোয়ালিফায়ারে মুখোমুখি বেঙ্গালুরু-গুজরাত

নিজস্ব সংবাদদাতা : ধর্মশালায় মঙ্গলবার আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হতে চলেছে বেঙ্গালুরু ও গুজরাত। লিগ পর্ব শেষে দুই দলই ১৮ পয়েন্ট নিয়ে প্রথম দুই স্থানে শেষ করেছে। ফলে ফাইনালে ওঠার লড়াইয়ে জমজমাট ম্যাচের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। ম্যাচের আগে বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাটীদার বোলারদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর মতে, বর্তমান টি-টোয়েন্টি ক্রিকেটে ২২০-২৩০ রানও নিরাপদ নয়। ব্যাটিং সহায়ক পিচ, ছোট বাউন্ডারি এবং শিশিরের কারণে বোলারদের কাজ অত্যন্ত কঠিন হয়ে উঠছে। পাটীদার বলেন, “বোলারদের জন্য বিষয়টা খুব কঠিন। পিচ ব্যাটিং সহায়ক, বাউন্ডার ছোট এবং শিশির পড়ে। জোরে বোলারদের একটা ছোট ভুলেও ছয় হয়ে যায়। তবে যে পরিবেশই পাই, আমরা নিজেদের সেরাটা দেব। পিচ কেমন হবে সেটা তো আমাদের হাতে নেই।”

গতবার ট্রফি জিতলেও বেঙ্গালুরুর মাঠে ফাইনাল আয়োজন হয়নি। বোর্ড বিভিন্ন কারণ দেখিয়ে ফাইনালের ভেন্যু সরিয়ে দেয় আহমেদাবাদে। যদিও এই বিতর্ক নিয়ে সরাসরি মন্তব্য করতে চাননি পাটীদার। তাঁর বক্তব্য, “দুটো দলই খুব ভাল ক্রিকেট খেলেছে। নির্দিষ্ট দিনে যারা পরিকল্পনা ভালভাবে কাজে লাগাতে পারবে, তারাই জিতবে।” অন্যদিকে গুজরাত শিবিরও আত্মবিশ্বাসী। দলের সহকারী কোচ বিজয় দাহিয়ার মতে, দুই দলের শক্তি প্রায় সমান। তিনি বলেন, “আমরা এর আগে দু’বার মুখোমুখি হয়েছি, ফল ১-১। তাই এটাকে সমান লড়াই বলাই যায়। দুই দলেই ভাল ক্রিকেটার রয়েছে।” দাহিয়ার বিশ্বাস, এই ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারেন বোলাররাই। তাঁর কথায়, “দিনের শেষে শক্তিশালী বোলিং বিভাগই ম্যাচের ভাগ্য নির্ধারণ করবে। দুই দলের বোলাররাই ধারাবাহিকভাবে ভাল পারফর্ম করেছে এবং অধিনায়কেরাও তাদের উপর ভরসা রাখছে।” ফলে ধর্মশালার মঞ্চে মঙ্গলবার ব্যাট-বলের জমজমাট দ্বৈরথ দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।

ম্যাচ: RCB vs GT (IPL 2026 Qualifier 1)
সময়: সন্ধ্যা ৭:৩০
তারিখ: মঙ্গলবার, ২৬ মে ২০২৬
ভেন্যু: Himachal Pradesh Cricket Association Stadium, Dharamshala