Skip to content

তীব্র তাপপ্রবাহে নাজেহাল দেশ, ৪৮ ডিগ্রির উপরে ৭ শহর! তালিকায় পশ্চিমবঙ্গও

নিজস্ব সংবাদদাতা : বৈশাখ পেরিয়ে জৈষ্ঠ্যের শুরুতেই ভয়াবহ তাপপ্রবাহে পুড়ছে গোটা দেশ। তার মধ্যেই সামনে এল চাঞ্চল্যকর তথ্য। আবহাওয়া বিষয়ক সংস্থা একিউআই ডট ইন-এর লাইভ তাপমাত্রা র‌্যাঙ্কিং অনুযায়ী, বিশ্বের সবচেয়ে উষ্ণ ১০০টি শহরের সবকটিই বর্তমানে ভারতের। মঙ্গলবার দুপুরে এই শহরগুলির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪ থেকে ৪৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।তালিকায় রয়েছে দিল্লি, ফরিদাবাদ, চণ্ডীগড়, আগরা, অযোধ্যা, গোয়ালিয়র, কোটা ও রায়পুরের মতো শহর। তীব্র দাবদাহে নাজেহাল উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা। এমনকি পাহাড়ঘেরা উত্তরাখণ্ডের হরিদ্বারও জায়গা করে নিয়েছে বিশ্বের উষ্ণতম শহরের তালিকায়।মঙ্গলবার ভাটিন্ডা, পঠানকোট, বরেলি, ঝাঁসি ও কইথলে তাপমাত্রা পৌঁছে যায় ৪৬ ডিগ্রিতে। অন্যদিকে মথুরা, ভিলাই, নানদেড় ও অকোলায় পারদ ছুঁয়েছে ৪৫ ডিগ্রি। কলকাতা এই তালিকায় না থাকলেও পশ্চিমবঙ্গের আসানসোল ও বর্ধমান রয়েছে উষ্ণতম ১০০ শহরের মধ্যে।আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। বুধবার নতুন করে উত্তর ভারতের একাধিক রাজ্যে জারি করা হয়েছে তাপপ্রবাহের সতর্কতা। সাধারণ মানুষের জনজীবন ইতিমধ্যেই বিপর্যস্ত হয়ে উঠেছে চরম গরমে।

Latest