নিজস্ব সংবাদদাতা : শিলিগুড়ি সফরে প্রশাসনিক তৎপরতা বাড়ালেন রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ। শুক্রবার এলাকায় ভাঙাচোরা রাস্তা পরিদর্শনের পাশাপাশি বালি পাচারের অভিযোগ নিয়েও সরব হন তিনি। পরে থানায় গিয়ে পুলিশের সঙ্গে বৈঠক করে অভিযোগের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।এদিন শিলিগুড়িতে পৌঁছে ডাবগ্রাম-ফুলবাড়ি এলাকার আশিঘর-সহ একাধিক বেহাল রাস্তা পরিদর্শন করেন মন্ত্রী। দীর্ঘদিন ধরে রাস্তার দুরবস্থার কারণে এলাকাবাসীকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ ওঠে। বর্ষার জলে রাস্তা জলমগ্ন থাকায় দুর্ঘটনার আশঙ্কাও বেড়েছে। পরিস্থিতি খতিয়ে দেখে মন্ত্রী জানান, দুর্ঘটনা এড়াতে আপাতত গুরুত্বপূর্ণ এলাকায় সিভিক ভলান্টিয়ার মোতায়েন করা হবে এবং বর্ষা শেষ হলে স্থায়ীভাবে রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।পরিদর্শনের সময় স্থানীয় বাসিন্দারা মন্ত্রীর কাছে এলাকায় অবৈধ বালি পাচারের অভিযোগও জানান। অভিযোগের ভিত্তিতে স্থানীয় বিজেপি কর্মীরা একটি বালিবোঝাই গাড়ি আটক করে পুলিশের হাতে তুলে দেন বলে জানা যায়।এরপরই শঙ্কর ঘোষ থানায় গিয়ে পুলিশের সঙ্গে কথা বলেন এবং অভিযোগের বিষয়ে দ্রুত ও কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, সরকার অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে।পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান, সরকার যে নীতি ও প্রশাসনিক দৃষ্টিভঙ্গি অনুসরণ করছে, তা বাস্তবায়নের দায়িত্ব পুলিশেরও রয়েছে। পাশাপাশি তিনি বলেন, জনপ্রতিনিধিদের সময়ে সময়ে থানায় গিয়ে প্রশাসনের সঙ্গে সমন্বয় রাখা এবং স্থানীয় সমস্যার বিষয়ে সরাসরি আলোচনা করা প্রয়োজন।