ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা, আসামের বিভিন্ন প্রান্তে সংগঠনগুলির কর্মসূচি

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা, আসামের বিভিন্ন প্রান্তে সংগঠনগুলির কর্মসূচি

আহমদ হুসাইন লস্কর : মাতৃভাষা আন্দোলনের অমর শহীদদের স্মরণে সোমবার আসামের কাছাড় জেলাজুড়ে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করল এআইডিএসও, এআইডিওয়াইও, এআইএমএসএস এবং কমসোমল-এর কাছাড় জেলা কমিটি। ১৯৬১ সালের ১৯ মে ভাষার মর্যাদা রক্ষার লড়াইয়ে আত্মবলিদান দেওয়া ১১ জন শহীদের স্মৃতির উদ্দেশে গভীর শ্রদ্ধা জানানো হয়।সকালে শিলচর রেলস্টেশনের ঐতিহাসিক শহীদ স্তম্ভে মাল্যদান এবং পরে শ্মশান ঘাটের শহীদ স্মারকে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। দুপুরে রাঙ্গিরখাড়ি এলাকা থেকে একটি বিশাল মিছিল বের হয়, যা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে গান্ধীবাগের মূল শহীদ মিনারে গিয়ে শেষ হয়।সেখানে শহীদ বেদীতে মাল্যদান করেন এআইডিএসও-র আসাম রাজ্য কমিটির সভাপতি হিল্লোল ভট্টাচার্য, এআইডিওয়াইও-র জেলা সভাপতি দিলীপ কুমার রী, এআইএমএসএস-এর রীম্পী বাগতি, এআইডিএসও-র জেলা সভাপতি স্বাগতা ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দ।বিকেলে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে অনুষ্ঠিত হয় যৌথ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। গণসংগীত, আবৃত্তি, নৃত্য পরিবেশনের পাশাপাশি মঞ্চস্থ হয় দুটি পথনাটক। বক্তারা ভাষা আন্দোলনের ইতিহাস ও মাতৃভাষার অধিকার রক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগ আগামী প্রজন্মকে ন্যায় ও অধিকারের লড়াইয়ে অনুপ্রাণিত করবে।