শ্রীনগর সেন্ট্রাল জেল থেকে পকসো মামলার দুই অভিযুক্ত উধাও, তল্লাশি বিজ্ঞপ্তি জারি পুলিশের!

শ্রীনগর সেন্ট্রাল জেল থেকে পকসো মামলার দুই অভিযুক্ত উধাও, তল্লাশি বিজ্ঞপ্তি জারি পুলিশের!

নিজস্ব সংবাদদাতা : শ্রীনগর সেন্ট্রাল জেল থেকে পৃথক দুটি পকসো মামলায় বন্দি দুই অভিযুক্ত পালিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পলাতক দুই অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের লক্ষ্যে পুলিশ তল্লাশি ও লুকআউট বিজ্ঞপ্তি জারি করেছে বলে রবিবার জানিয়েছেন প্রশাসনের আধিকারিকরা।এক শীর্ষ পুলিশ আধিকারিক সংবাদ সংস্থা কাশ্মীর নিউজ অবজারভার (KNO)-কে ঘটনাটি নিশ্চিত করে জানান, পৃথক পকসো মামলায় শ্রীনগর সেন্ট্রাল জেলে বন্দি থাকা দুই অভিযুক্ত জেল থেকে পালিয়ে গিয়েছে। ঘটনার পর থেকেই তাদের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে এবং সম্ভাব্য সমস্ত জায়গায় নজরদারি বাড়ানো হয়েছে। কাশ্মীর জোন পুলিশের এক্স হ্যান্ডেলে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, পলাতক দুই অভিযুক্তের মধ্যে একজন হলেন অনন্তনাগের সাংলান চিটারগুল এলাকার বাসিন্দা মোহাম্মদ রফিক গুজ্জরের ছেলে মুখতার আহমেদ গুজ্জর। সৌরা থানায় নথিভুক্ত এফআইআর নম্বর ২০/২০২৬-এর মামলায় তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-র ১৩৭(২) ও ৬৫(১) ধারা এবং পকসো আইনের ৩/৪ ধারায় মামলা রয়েছে।

অন্য পলাতক অভিযুক্ত ফরমান খান, সদনপোরা রাগিস্তান এলাকার বাসিন্দা আব্দুল গনি খানের ছেলে। লার থানায় নথিভুক্ত এফআইআর নম্বর ১৯/২০২৬-এর মামলায় তাঁর বিরুদ্ধে BNS-এর ১৩৭(২) ও ৮৭ ধারা এবং পকসো আইনের ৩/৪ ধারায় মামলা রয়েছে।পুলিশের তরফে জানানো হয়েছে, দুই অভিযুক্তকে শনাক্ত করে গ্রেফতারে সহায়তা করতে পারে—এমন কোনও তথ্য থাকলে তা দ্রুত পুলিশকে জানাতে হবে। অভিযুক্তদের গ্রেফতারে সহায়ক তথ্য প্রদানকারীকে উপযুক্ত পুরস্কার দেওয়ার কথাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।পুলিশ সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছে, পলাতক দুই অভিযুক্তের অবস্থান সম্পর্কে কোনও তথ্য জানা থাকলে নিকটবর্তী থানায় যোগাযোগ করতে অথবা ১১২ নম্বরে ফোন করতে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করতে বিভিন্ন এলাকায় তল্লাশি ও নজরদারি জোরদার করা হয়েছে।