Skip to content

বাবা-মায়ের মৃত্যুর যন্ত্রণা ভুলতে পারেননি! শ্যামপুরে স্বাস্থ্য পরিকাঠামো গড়ার অঙ্গীকার হিরণের

নিজস্ব সংবাদদাতা: হাওড়ার শ্যামপুর কেন্দ্র ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। আর সেই উত্তাপের কেন্দ্রে রয়েছেন বিজেপির তারকা প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। প্রার্থী ঘোষণার পর থেকেই কার্যত ‘আদা-জল খেয়ে’ প্রচারে নেমে পড়েছেন তিনি। ব্যক্তিগত জীবনের গভীর যন্ত্রণাকে হাতিয়ার করে এবার ভোটের ময়দানে বড় প্রতিশ্রুতি দিলেন হিরণ।১৯৯২ সালের স্মৃতি আজও তাড়া করে বেড়ায় তাঁকে। খুব অল্প বয়সেই বাবা-মাকে হারান তিনি। অভিযোগ, প্রায় বিনা চিকিৎসাতেই প্রাণ হারান দু’জন। সেই অভিজ্ঞতা থেকেই শ্যামপুরবাসীর জন্য বড় অঙ্গীকার—ভোটে জিতলে এলাকায় গড়ে তোলা হবে একটি সুপার স্পেশালিটি হাসপাতাল।একটি সোশ্যাল মিডিয়া বার্তায় হিরণ বলেন, “তখন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা বলতে প্রায় কিছুই ছিল না। আমরা খুব গরিব ছিলাম। বাবা-মাকে দেখেছি চিকিৎসার জন্য কীভাবে হন্যে হয়ে ঘুরেছেন। কিন্তু কোনও চিকিৎসা পাননি। আজও পরিস্থিতির খুব একটা বদল হয়নি। তাই জিতলে শ্যামপুরে সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করব। যাতে আর কাউকে বিনা চিকিৎসায় মরতে না হয়।”তবে রাজনৈতিক লড়াইয়ের পাশাপাশি বিতর্কও পিছু ছাড়েনি এই প্রার্থীকে। চলতি বছরের জানুয়ারিতে প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। প্রথম পক্ষের পরিবারের তরফে অভিযোগ দায়ের হওয়ায় আইনি জটিলতাও তৈরি হয়। ফলে বিধানসভা নির্বাচনে তাঁর প্রার্থীপদ নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছিল।সব জল্পনার অবসান ঘটিয়ে গত ১৯ মার্চ বিজেপির দ্বিতীয় প্রার্থীতালিকায় শ্যামপুর কেন্দ্র থেকে হিরণের নাম ঘোষণা করা হয়। স্পষ্ট হয়, বিতর্ক সত্ত্বেও তাঁর উপর আস্থা রেখেছে দল।ইতিমধ্যেই শ্যামপুরে জোরদার প্রচার শুরু হয়ে গিয়েছে। শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হিরণের সমর্থনে রোড শো করেন, যা ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ দেখা যায়।এই কেন্দ্রে হিরণের প্রধান প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের নদেবাসী জানা। ফলে শ্যামপুরে এবার লড়াই যে হাড্ডাহাড্ডি হতে চলেছে, তা বলাই বাহুল্য। ব্যক্তিগত যন্ত্রণা থেকে উঠে আসা প্রতিশ্রুতি আর রাজনৈতিক সমীকরণ—শেষমেশ জয়ের হাসি কে হাসবেন, এখন সেদিকেই তাকিয়ে শ্যামপুরের ভোটাররা।

Latest