Skip to content

দিল্লিতে নির্মলা–শুভেন্দু বৈঠক, পশ্চিমবঙ্গের উন্নয়নে একাধিক বড় উদ্যোগের ইঙ্গিত!

নিজস্ব সংবাদদাতা : পশ্চিমবঙ্গের উন্নয়ন ও আর্থিক অন্তর্ভুক্তি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসলেন কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী নির্মলা সীতারামন এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নয়াদিল্লিতে অনুষ্ঠিত এই বৈঠকে রাজ্যের সামগ্রিক উন্নয়ন, ঋণের প্রাপ্যতা বৃদ্ধি এবং কেন্দ্রীয় সরকারি প্রকল্পগুলির কার্যকর বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘উন্নত ভারত’ গঠনের লক্ষ্যের সঙ্গে সঙ্গতি রেখে পশ্চিমবঙ্গের উন্নয়ন যাত্রাকে আরও গতিশীল করার বিভিন্ন সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন দুই নেতা। বিশেষ করে সাধারণ মানুষের কাছে আর্থিক পরিষেবা পৌঁছে দেওয়া এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের আর্থিক সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।নির্মলা সীতারামন জানান, রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় রেখে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, প্রধানমন্ত্রী জন ধন যোজনা, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা, প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা, অটল পেনশন যোজনা এবং পিএম স্বনিধি-সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা প্রত্যেক যোগ্য উপভোক্তার কাছে পৌঁছে দিতে একটি বিশেষ অভিযান চালানো হবে।

মুখ্যমন্ত্রীর অনুরোধে কেন্দ্রীয় অর্থমন্ত্রী আশ্বাস দেন যে, পশ্চিমবঙ্গে ঋণের সুযোগ বাড়াতে সরকারি ব্যাঙ্ক, শিল্প সংস্থা এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (MSME) সংগঠনগুলির সঙ্গে রাজ্যের বিভিন্ন অঞ্চলে গোলটেবিল বৈঠকের আয়োজন করা হবে। এর মাধ্যমে শিল্পায়ন, নতুন উদ্যোক্তা তৈরির সুযোগ এবং কর্মসংস্থান বৃদ্ধির ক্ষেত্র আরও প্রসারিত হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।বৈঠকে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের কর্মক্ষমতা নিয়েও আলোচনা হয়। গ্রামীণ এলাকায় আর্থিক অন্তর্ভুক্তি জোরদার করা এবং প্রাতিষ্ঠানিক ঋণের সুযোগ আরও সম্প্রসারণের লক্ষ্যে ব্যাংকের কার্যক্রম পর্যালোচনার কথা জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী।এছাড়াও, রাজ্যে পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে ‘স্পেশাল অ্যাসিস্ট্যান্স টু স্টেটস ফর ক্যাপিটাল ইনভেস্টমেন্ট’ (SASCI) প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গ সরকারের যোগ্য প্রস্তাবগুলিকে দ্রুত প্রক্রিয়াকরণে সহায়তার আশ্বাস দেন নির্মলা সীতারামন। একই সঙ্গে প্রকল্পের সংস্কারভিত্তিক শর্তাবলি দ্রুত বাস্তবায়নের জন্য রাজ্য সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।এই বৈঠককে কেন্দ্র ও রাজ্যের মধ্যে উন্নয়নমূলক সহযোগিতা আরও জোরদার করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Latest