ভোটের সকালে আত্মবিশ্বাসী বিজেপি শিবির, নন্দীগ্রাম থেকে খড়্গপুর—শুভেন্দু-দিলীপের বার্তায় ‘পরিবর্তন’-এর সুর!

ভোটের সকালে আত্মবিশ্বাসী বিজেপি শিবির, নন্দীগ্রাম থেকে খড়্গপুর—শুভেন্দু-দিলীপের বার্তায় ‘পরিবর্তন’-এর সুর!

নিজস্ব সংবাদদাতা : ভোটের দিন সকাল থেকেই রাজনৈতিক উত্তাপ স্পষ্ট রাজ্যের বিভিন্ন প্রান্তে। নন্দীগ্রামে দিনের শুরুতেই ভোটাধিকার প্রয়োগ করেন বিরোধী দলনেতা Suvendu Adhikari। হাসিমুখে বুথে প্রবেশ করে তিনি উপস্থিত বুথ এজেন্ট ও দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন। এরপর নিজের ভোটদান সম্পন্ন করে দুই আঙুল তুলে জয়ের ইঙ্গিত দেন তিনি।বুথের বাইরে বেরিয়ে সাধারণ মানুষের উদ্দেশে বার্তা দিয়ে শুভেন্দু বলেন, “পরিবর্তন আনুন, ভারতীয় জনতা পার্টির হাতে দায়িত্ব দিন।” একইসঙ্গে নাম না করেই শাসক দলকে কটাক্ষ করে তাঁর মন্তব্য, “শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ভোট চলছে, খুব একটা অশান্তি করতে পারেনি।”অন্যদিকে, খড়্গপুরের ২৬৩ নম্বর বুথে সকাল সকাল ভোট দেন বিজেপি নেতা Dilip Ghosh। ভোট দিয়ে বেরিয়ে আত্মবিশ্বাসী সুরে তিনি জানান, শান্তিপূর্ণ পরিবেশেই নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন। শুধু খড়্গপুর নয়, গোটা পশ্চিমবঙ্গেই ভোট প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে চলছে বলেই দাবি করেন তিনি।দিলীপ ঘোষ আরও বলেন, “এর আগে বিজেপির সমর্থন নীরবে ছিল, এখন তা প্রকাশ্যে আসছে।” ভোটের ফলাফল নিয়ে যথেষ্ট আশাবাদী এই বিজেপি নেতা স্পষ্ট জানান, ফল ঘোষণার পর রাজ্যে নতুন সরকার গঠন করবে ভারতীয় জনতা পার্টি।ভোটের সকালে দুই শীর্ষ বিজেপি নেতার এই বার্তা রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা। এখন নজর ফলাফলের দিনের দিকে—কাদের পক্ষে যাবে জনতার রায়, সেটাই দেখার।