Skip to content

ভুয়ো ভোটে কড়া শাস্তি! বুথে AI নজরদারি, ধরা পড়লেই জেল—সতর্কবার্তা কমিশনের!

নিজস্ব সংবাদদাতা : ভোটে কারচুপির কোনও সুযোগ নেই—দ্বিতীয় দফার আগে কড়া বার্তা দিল নির্বাচন কমিশন। স্পষ্ট জানানো হয়েছে, ভুয়ো ভোট দেওয়ার চেষ্টা করলেই এবার সরাসরি আইনের জালে পড়তে হবে। বুথের ভিতরে থাকা উন্নতমানের নজরদারি ক্যামেরা এবং ওয়েবকাস্টিংয়ের মাধ্যমে প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রের উপর নজর রাখা হচ্ছে।আগামী ২৯ এপ্রিল রাজ্যে দ্বিতীয় তথা শেষ দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৪২টি বিধানসভা কেন্দ্রে। তার আগে ভোটারদের সতর্ক করে কমিশন জানিয়ে দিয়েছে, কেউ যদি নিজের পরিচয় গোপন করে বা অন্য কারও হয়ে ভোট দেওয়ার চেষ্টা করেন, তবে তা সহজেই ধরা পড়ে যাবে।

কারণ প্রতিটি বুথে বসানো হয়েছে AI-সক্ষম ক্যামেরা, যা সরাসরি নজরদারি চালাচ্ছে।নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, ভুয়ো ভোট দেওয়া একটি গুরুতর দণ্ডনীয় অপরাধ। ভারতীয় ন্যায় সংহিতা ধারা ১৭২ অনুযায়ী দোষ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির সর্বোচ্চ এক বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এমনকি ভুলবশত একাধিকবার ভোট দেওয়ার চেষ্টা করলেও আইনি জটিলতা এড়ানো যাবে না বলে স্পষ্ট করা হয়েছে।‘এক ব্যক্তি, এক ভোট’—এই মূল নীতি বজায় রাখতেই কমিশনের এই কড়াকড়ি। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রতিটি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।এছাড়াও, ভোট সংক্রান্ত কোনও অভিযোগ বা পরামর্শ থাকলে সাধারণ মানুষ সরাসরি কমিশনের টোল-ফ্রি নম্বর ১৮০০-৩৪৫-০০০৮-এ যোগাযোগ করতে পারবেন অথবা নির্দিষ্ট ইমেলে জানাতে পারবেন।

Latest