নিজস্ব সংবাদদাতা : শনিবার দলের কাউন্টিং এজেন্টদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠক থেকে আত্মবিশ্বাসী সুরে তাঁরা জানান, ২০০-র বেশি আসনে জয় পেয়ে ফের বাংলার ক্ষমতায় ফিরবে তৃণমূল।সূত্রের খবর, বৈঠকে দলীয় কর্মীদের নিরলস পরিশ্রমের জন্য ধন্যবাদ জানান মমতা। পাশাপাশি ভোটের সময় কেন্দ্রীয় বাহিনীর হাতে যাঁরা অত্যাচারিত হয়েছেন, তাঁদের পাশে থাকার বার্তাও দেন তিনি।

এক্সিট পোলের ফলাফলকে উড়িয়ে দিয়ে তাঁর দাবি, শেয়ার বাজারকে চাঙ্গা করতেই ইচ্ছাকৃতভাবে বিজেপিকে এগিয়ে দেখানো হয়েছে। এই সমীক্ষাগুলিকে তিনি ‘অর্থনির্ভর প্রচার’ বলেও কটাক্ষ করেন।বৈঠকে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও সরব হন তৃণমূল নেত্রী। তাঁর অভিযোগ, বিজেপি কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে বাংলার নারী সমাজকে ভয় দেখানোর চেষ্টা করেছে। বিভিন্ন এলাকায় নারীদের উপর হামলা চালানো হয়েছে বলেও দাবি করেন তিনি। এমনকি শিশুদেরও রেহাই মেলেনি বলে অভিযোগ তোলেন মমতা।

অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন, এক্সিট পোলের পরিসংখ্যান বিজেপি নেতৃত্ব নিজেরাও বিশ্বাস করছে না। বাস্তব পরিস্থিতি সম্পর্কে তারা ওয়াকিবহাল বলেই সরকার গঠনের আশা কার্যত তাদের কাছে অপ্রাসঙ্গিক। কাউন্টিং এজেন্টদের সতর্ক করে তিনি বলেন, বিজেপি সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে, তবে আগের মতোই তৃণমূল তাদের প্রতিহত করবে।বৈঠকে অভিষেক আরও জানান, বিভিন্ন সংস্থা ও বাহিনীকে কাজে লাগিয়েও বিজেপি শেষ পর্যন্ত পরাজিত হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনও সাধারণ পর্যবেক্ষক বা পুলিশ পর্যবেক্ষক যদি সংবিধান-বিরোধী কাজ করেন, তবে তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।