নিজস্ব সংবাদদাতা : আইপিএল শিরোপা জয়ের আনন্দে ভাসছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) শিবির। সোমবার ট্রফি নিয়ে বেঙ্গালুরুতে ফেরে দল। সাধারণত এমন সাফল্যের পর শহরজুড়ে বিজয় শোভাযাত্রা ও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিন্তু এবার আরসিবি কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, কোনও আনুষ্ঠানিক উদযাপনের পরিকল্পনা নেই। সমর্থকদের উদ্দেশে তারা অনুরোধ করেছে, নিরাপদে থেকে ঘরে বসেই দলের সাফল্য উদযাপন করতে। সমর্থকদের সঙ্গে সেই আনন্দ ভাগ করে নিতে কোনও প্রকাশ্য বিজয় মিছিল বা শোভাযাত্রার আয়োজন করছে না ফ্র্যাঞ্চাইজি। অতীতের তিক্ত অভিজ্ঞতা এবং নিরাপত্তাজনিত উদ্বেগের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, ট্রফি জয়ের পর সোমবারই বেঙ্গালুরুতে ফিরে এসেছে দল। তবে এত অল্প সময়ের মধ্যে বৃহৎ পরিসরে বিজয়োৎসবের আয়োজন করা সম্ভব নয় বলেই মনে করছে ফ্র্যাঞ্চাইজি। তড়িঘড়ি অনুষ্ঠান আয়োজন করলে অতীতের মতো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কাও রয়েছে। অন্যদিকে, বুধবারও কোনও ধরনের উদযাপন অনুষ্ঠান আয়োজনের সম্ভাবনা নেই। ওইদিন রাজ্যের গুরুত্বপূর্ণ প্রশাসনিক কর্মসূচি থাকায় শহরে অতিরিক্ত ভিড় এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে। ফলে পুলিশি অনুমতি পাওয়াও কঠিন বলে মনে করা হচ্ছে। এছাড়া বৃহস্পতিবারের মধ্যেই দলের অধিকাংশ ক্রিকেটার নিজ নিজ গন্তব্যে ফিরে যাবেন। সব মিলিয়ে, শিরোপা জয়ের আনন্দ থাকলেও এ মরশুমে আরসিবি সমর্থকদের জন্য কোনও আনুষ্ঠানিক বিজয়োৎসবের আয়োজন করা হচ্ছে না।প্রসঙ্গত, ২০২৫ সালে আরসিবির প্রথম আইপিএল জয়ের পর বেঙ্গালুরুতে আয়োজিত উদযাপন অনুষ্ঠান ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হয়েছিল। চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে ও আশপাশে অতিরিক্ত ভিড়ের কারণে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয় এবং বহু মানুষ আহত হন। সেই মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি এড়াতেই এবার কোনও ঝুঁকি নিতে রাজি নয় আরসিবি। সমর্থকদের আবেগকে সম্মান জানিয়েও নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে ফ্র্যাঞ্চাইজি। ফলে ট্রফি জয়ের আনন্দ থাকলেও, এবার তা সীমাবদ্ধ থাকবে সামাজিক মাধ্যম এবং ব্যক্তিগত উদযাপনের মধ্যেই। আরসিবির এই সিদ্ধান্তকে অনেকেই দায়িত্বশীল পদক্ষেপ হিসেবে দেখছেন। কারণ, খেলাধুলার উন্মাদনার মাঝেও মানুষের জীবন ও নিরাপত্তাই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই বার্তাই স্পষ্ট করে দিল বেঙ্গালুরুর এই জনপ্রিয় দল।