নিজস্ব সংবাদদাতা : সুবর্ণরেখা নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় ঝাড়গ্রাম জেলার দেউলবাড় ও গড়ধরা এলাকার সংযোগকারী ফেয়ার ওয়েদার ব্রিজ জলের তলায় চলে গিয়েছে। এর ফলে সেতুর উপর দিয়ে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে। যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ায় চরম সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ব্রিজটি ডুবে যাওয়ার পর দুই এলাকার মধ্যে যাতায়াত স্বাভাবিক রাখতে নৌকার ব্যবস্থা করা হয়েছে।

সকাল থেকেই নৌকায় করে নদী পারাপার করছেন নিত্যযাত্রী, ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, বর্ষা এলেই প্রতিবছর সুবর্ণরেখার জলস্তর বেড়ে এই ফেয়ার ওয়েদার ব্রিজ ডুবে যায়। ফলে স্কুল-কলেজের পড়ুয়া, কর্মজীবী মানুষ, ব্যবসায়ী ও সাধারণ বাসিন্দাদের দুর্ভোগ চরমে পৌঁছায়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নদীর জলস্তরের উপর নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। পরিস্থিতির অবনতি হলে নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে, প্রতি বর্ষায় একই সমস্যার পুনরাবৃত্তি হওয়ায় এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি, দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণ করে এই দুর্ভোগের স্থায়ী সমাধান করা হোক।