Skip to content

জেল থেকে বেরিয়েই লেখক! ‘কারাগারের অন্তরালে ২০ দিন’ বই প্রকাশ করলেন অসিত মজুমদার

বই হাতে প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার
নিজস্ব সংবাদদাতা:২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিট না পেলেও দলীয় রাজনীতিতে সক্রিয় রয়েছেন প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার। এবার রাজনীতির পাশাপাশি লেখক হিসেবেও আত্মপ্রকাশ করলেন তিনি। বুধবার হুগলি প্রেস ক্লাবে প্রকাশিত হল তাঁর লেখা বই ‘কারাগারের অন্তরালে ২০ দিন’।বইটিতে তিনি জেলে কাটানো ২০ দিনের অভিজ্ঞতা, গ্রেফতারের ঘটনাপ্রবাহ, কারাজীবনের বিভিন্ন মুহূর্ত এবং সেই সময়ের মানসিক লড়াইয়ের কথা তুলে ধরেছেন। বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থেকে অসিত মজুমদার বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু আন্দোলনে অংশ নিলেও এবারই প্রথম তাঁকে কারাবন্দি হতে হয়। সেই অভিজ্ঞতা তাঁর জীবনে গভীর ছাপ ফেলেছে, আর সেই কারণেই বইটি লেখার সিদ্ধান্ত নেন। উল্লেখ্য,গত ৩১ মে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডিম ছোড়ার ঘটনার প্রতিবাদে আন্দোলনে নেমেছিলেন অসিত মজুমদার। সেই সময় চুঁচুড়া থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। প্রায় ২০ দিন হুগলি জেলে থাকার পর তিনি জামিনে মুক্তি পান। তাঁর দাবি, পরবর্তীকালে তাঁর বিরুদ্ধে আরও একাধিক অভিযোগও যুক্ত করা হয়। সেই সমস্ত ঘটনার বিবরণও বইটিতে স্থান পেয়েছে।অসিত মজুমদার জানান, বইটিতে শুধু কারাগারের অভিজ্ঞতাই নয়, তাঁর রাজনৈতিক জীবনের কিছু গুরুত্বপূর্ণ স্মৃতিও তুলে ধরা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর কয়েকটি পুরনো ছবিও বইটিতে প্রকাশিত হয়েছে। বইটির প্রচ্ছদ সামাজিক মাধ্যমে প্রকাশের পর ব্যাপক সাড়া মিলেছে বলেও দাবি করেছেন তিনি। বই-এর প্রচ্ছদ ফেসবুকে প্রকাশ করতেই ভিউ সাড়ে তিন লাখ ছাড়িয়েছে। ভবিষ্যতে আরও বই লেখার ইচ্ছা রয়েছে বলেও জানান তিনি। একইসঙ্গে তিনি বলেন, লেখালেখির পাশাপাশি সক্রিয় রাজনীতিতেও সমানভাবে যুক্ত থাকবেন। অন্যদিকে, অসিত মজুমদারের বই প্রকাশকে কটাক্ষ করেছেন চুঁচুড়ার বিজেপি বিধায়ক সুবীর নাগ। তাঁর বক্তব্য, তৃণমূল সরকারের নানা বিতর্কিত কর্মকাণ্ড নিয়েই বই লেখা যেতে পারে। পাশাপাশি তিনি দাবি করেন, রাজনৈতিক কাজ না থাকায় অসিত মজুমদার এখন বই লেখার পথে হাঁটছেন। রাজনৈতিক মহলের একাংশের মতে, নির্বাচনের পর প্রাক্তন বিধায়কের এই বই প্রকাশ নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিতে পারে। একই সঙ্গে তাঁর কারাবাসের অভিজ্ঞতা ঘিরে বইটি রাজনৈতিক মহলেও আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

Latest