নিজস্ব সংবাদদাতা : বিশ্বকাপ শুরুর আর মাত্র কয়েকদিন বাকি। অথচ এতদিন পর্যন্ত ভারতে কোথায় এবং কীভাবে বিশ্বকাপ সম্প্রচার করা হবে, তা নিয়ে কোনও স্পষ্ট ঘোষণা না আসায় উদ্বেগ বাড়ছিল ফুটবলপ্রেমীদের মধ্যে। আদৌ ভারতীয় দর্শকরা বিশ্বকাপ দেখতে পারবেন কি না, সেই প্রশ্নও ঘুরপাক খাচ্ছিল। অবশেষে সেই অনিশ্চয়তার অবসান ঘটল।সোমবার, ১ জুন, জি এন্টারটেনমেন্ট আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সম্প্রচারের দায়িত্ব তাদের হাতেই থাকবে। গত কয়েকদিন ধরেই এই সংস্থার নাম জোরালোভাবে শোনা যাচ্ছিল। এবার সামাজিক মাধ্যমে পোস্ট করে সেই জল্পনায় সিলমোহর দিল তারা।জি এন্টারটেনমেন্ট জানিয়েছে, শুধু ২০২৬ বিশ্বকাপই নয়, আগামী কয়েক বছরের একাধিক আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতার সম্প্রচার স্বত্বও তাদের হাতে রয়েছে। এর মধ্যে রয়েছে ২০২৭ ও ২০৩১ সালের মহিলাদের ফুটবল বিশ্বকাপ, ২০৩০ ও ২০৩৪ সালের পুরুষদের ফুটবল বিশ্বকাপ-সহ মোট ৩৯টি আন্তর্জাতিক টুর্নামেন্ট।সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, চারটি স্পোর্টস চ্যানেলের মাধ্যমে বিশ্বকাপের ম্যাচ সম্প্রচার করা হবে। চ্যানেলগুলি হল— ইউনিট৮ স্পোর্টস ১, ইউনিট৮ স্পোর্টস ১ এইচডি, ইউনিট৮ স্পোর্টস ২ এবং ইউনিট৮ স্পোর্টস ২ এইচডি। পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্ম জি ফাইভ অ্যাপেও বিশ্বকাপের ম্যাচ সরাসরি দেখা যাবে।ফলে বিশ্বকাপের কাউন্টডাউন চলার মধ্যেই বড় স্বস্তির খবর পেলেন দেশের কোটি কোটি ফুটবলপ্রেমী।