নিজস্ব সংবাদদাতা : রাজ্যের ১৫২টি কেন্দ্রে আগামী ২৩ এপ্রিল ভোটগ্রহণ হলেও তার আগেই খড়গপুরে শুরু হয়ে গেল ভোটের বিশেষ প্রক্রিয়া। প্রথম দফার ভোটের আগে ১৪ই এপ্রিল মঙ্গলবার খড়গপুরের খরিদা নিমগেরিয়া পাটনা এলাকার ৮ নম্বর ওয়ার্ড-এর ৪৮ বুথ -এ ৮৫ বছর বা তার বেশি বয়সি এবং বিশেষ চাহিদাসম্পন্ন ভোটারদের জন্য বাড়িতে বসে ভোটদানের ব্যবস্থা চালু করা হয়েছে।মঙ্গলবার সকাল ৮টা থেকেই নির্বাচন কমিশনের নির্দেশে ভোটকর্মীরা কড়া নিরাপত্তার মধ্যে ভোটারদের বাড়ি বাড়ি পৌঁছে ভোট গ্রহণের কাজ শুরু করেন।

প্রবীণ এবং বিশেষ চাহিদাসম্পন্ন ভোটারদের যাতে ভোটকেন্দ্রে যেতে না হয়, সেই কথা মাথায় রেখেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।নির্বাচন কমিশনের এই ব্যবস্থায় ভোটকেন্দ্রে যে ধরনের সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা থাকে, তার প্রায় সবকিছুই ভোটারের বাড়িতেই পৌঁছে দেওয়া হচ্ছে। ব্যালট, প্রয়োজনীয় নথি যাচাই, গোপনীয়তা বজায় রেখে ভোটদানের ব্যবস্থা—সবই থাকছে বাড়িতেই। ফলে প্রবীণ ভোটারদের মধ্যে উৎসাহও চোখে পড়ার মতো।সকাল থেকেই কড়া নিরাপত্তায় ভোটকর্মীদের সঙ্গে পুলিশ বাহিনীও এলাকায় মোতায়েন রয়েছে, যাতে পুরো প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন হয়। ভোটের আগে এই বাড়ি-বাড়ি ভোটগ্রহণ প্রক্রিয়া খড়গপুরে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।