শ্যামাপূজায় মানবিক উদ্যোগ, গড়সেনাপত্যায় রক্তদান করলেন 50 জন
নিজস্ব সংবাদদাতা : শ্যামাপূজা উপলক্ষে পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকের গড়সেনাপত্যা গ্রামে রক্তদান শিবিরের আয়োজন করল গড়সেনাপত্যা আমরা সবাই সংঘ। কোভিডকালে শুরু হওয়া এই শিবির এবার ষষ্ঠ বর্ষে পদার্পণ করল। 10 জন মহিলা-সহ মোট 50 জন রক্তদান করেন। তাঁদের মধ্যে 17 জন প্রথমবার রক্ত দিলেন। সদ্য 18 বছর পূর্ণ হওয়া ছয়জন কলেজপড়ুয়াও রক্তদানে অংশ নেন।শিবিরের উদ্বোধন করেন গড়সেনাপত্যা জুনিয়র হাইস্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক মানস কুমার মল্লিক। তিনি আগামী দিনে থ্যালাসেমিয়া বাহক নির্ণয় শিবির আয়োজনের পরিকল্পনার কথা জানান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড সেন্টারের মেডিক্যাল অফিসার ডাঃ কার্তিক নস্কর। তিনি উদ্যোক্তাদের এই সামাজিক উদ্যোগের প্রশংসা করেন।সংঘের সভাপতি অচিন্ত্য দোলই জানান, এলাকাবাসীর আর্থিক ও মানসিক সহযোগিতা এবং স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের সহায়তায় শিবিরটি সফল হয়েছে। গড়সেনাপত্যার পাশাপাশি পার্শ্ববর্তী বাগপোতা গ্রামের বাসিন্দারাও স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন। রক্ত সংগ্রহ করে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড সেন্টার। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গড়সেনাপত্যা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা রক্তদান আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব স্নেহাশিস চৌধুরী।