২০ বছরের ক্রিকেট যাত্রার ইতি টানলেন অজিঙ্ক রাহানে!
নিজস্ব সংবাদদাতা: ভারতের অভিজ্ঞ ব্যাটার অজিঙ্ক রাহানে আন্তর্জাতিক ক্রিকেট, ঘরোয়া ক্রিকেট এবং আইপিএল-সহ সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে একটি আবেগঘন ভিডিও বার্তায় তিনি এই সিদ্ধান্তের কথা জানান।ভিডিওর ক্যাপশনে রাহানে লেখেন, “টুপি নম্বর ২৭৮ বিদায় জানাচ্ছে। এত বছর ধরে সব ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ। সারা জীবন কৃতজ্ঞ থাকব।” ভিডিও বার্তায় আবেগাপ্লুত রাহানে বলেন, “জীবনের যেমন শুরু আছে, তেমনই শেষও আছে। সময় এলে তাকে সম্মান জানিয়ে এগিয়ে যেতে হয়। আমার মনে হয়েছে, এটাই এগিয়ে যাওয়ার সঠিক সময়। তাই আন্তর্জাতিক ক্রিকেট এবং ক্রিকেটের সব ধরনের ফরম্যাট থেকে অবসর ঘোষণা করছি।”

নিজের ক্রিকেটজীবনের শুরু থেকে সংগ্রামের কথাও তুলে ধরেন রাহানে। তিনি বলেন, “ডম্বিভলির এক সাধারণ ছেলের একটাই স্বপ্ন ছিল—ভারতের জার্সি গায়ে চাপানো। সব সময় দলকে নিজের আগে রেখেছি এবং সততার সঙ্গে ক্রিকেট খেলেছি। বিশ্বাস করেছি, সঠিক মানসিকতা থাকলে ক্রিকেট অনেক কিছু ফিরিয়ে দেয়।”ভারতীয় ক্রিকেটের গত দুই দশকের পরিবর্তনের সাক্ষী থাকার অভিজ্ঞতার কথাও ভাগ করে নেন তিনি। একই সঙ্গে ইঙ্গিত দেন, ক্রিকেট থেকে পুরোপুরি দূরে সরে যাচ্ছেন না। ভবিষ্যতে কোচিং বা মেন্টরের ভূমিকায় নতুন প্রজন্মের ক্রিকেটারদের পাশে দাঁড়াতে চান বলেও জানান।রাহানে বলেন, “ক্রিকেটার হিসেবে আমার যাত্রা শেষ হলেও ক্রিকেটের সঙ্গে সম্পর্ক শেষ হচ্ছে না। এই খেলাই আমাকে যে মূল্যবোধ শিখিয়েছে, তা আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে চাই।” অবসরের ঘোষণা দিতে গিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড, মুম্বই ক্রিকেট সংস্থা, আইপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি, পরিবার, বন্ধু এবং সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। শেষ মুহূর্তে নিজের আবেগ ধরে রাখতে পারেননি রাহানে। চোখের জল সামলে বলেন, “অজিঙ্ক নামের অর্থ অপরাজিত। ক্রিকেট আমাকে শিখিয়েছে, সাফল্যের চেয়ে ব্যর্থতা বেশি আসে। ভুল করেছি, শিখেছি। কিন্তু একটি জায়গায় কখনও হারিনি—আপনাদের হৃদয়ে।”অজিঙ্ক রাহানের বিদায় ভারতীয় ক্রিকেটের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি। শান্ত স্বভাব, দায়িত্বশীল নেতৃত্ব এবং কঠিন পরিস্থিতিতে দলের ভরসা হয়ে ওঠা এই ক্রিকেটার আগামী দিনে হয়তো নতুন ভূমিকায় ভারতীয় ক্রিকেটের সঙ্গেই যুক্ত থাকবেন।

রাহানের আন্তর্জাতিক কেরিয়ার এক নজরে
টেস্ট: ৮৫ ম্যাচ, ৫,০৭৭ রান
একদিনের ক্রিকেট: ৯০ ম্যাচ, ২,৯৬২ রান
টি-২০ আন্তর্জাতিক: ২০ ম্যাচ, ৩৭৫ রান
মোট আন্তর্জাতিক শতরান: ১৫টি
অর্ধশতরান: ৫১টি

প্রথম শ্রেণির ক্রিকেটে ২০১ ম্যাচে ১৪,০০০-এর বেশি রান করেছেন রাহানে। ভারতের হয়ে ছয়টি টেস্টে অধিনায়কত্ব করে চারটি ম্যাচ জিতেছেন এবং দু’টি ড্র করেছেন। তাঁর নেতৃত্বেই ২০২০-২১ মরসুমে অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক বর্ডার-গাভাসকর ট্রফি জেতে ভারত। আইপিএলে তিনি মুম্বই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, রাইজিং পুণে সুপারজায়ান্ট, দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন। ২১২টি ম্যাচে তাঁর সংগ্রহ ৫,৩৬৭ রান, যার মধ্যে রয়েছে ২টি শতরান ও ৩৫টি অর্ধশতরান।